তিনি দুর্দান্ত নাচেন। টাইগার শ্রফের সম্বন্ধে এহেন প্রশংসা বলিউডে নতুন নয়। কিন্তু টাইগার দারুণ অ্যাকশনও করেন, এবার তারই প্রমাণ দেবেন নায়ক। সাজিদ নাদিওয়ালা প্রযোজিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি ফোর’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টাইগার। ২০২৫-এর ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। সোমবার মুক্তি পেল সে ছবির নতুন পোস্টার। নির্মাতাদের দাবি, টাইগারের এই রূপ এর আগে দেখেননি দর্শক। ছবিটি পরিচালনা করছেন এ হর্ষ। বলিউড সূত্রে খবর, অনস্ক্রিন অ্যাকশনের সংজ্ঞা বদলে দেবে এই ছবি। টাইগার নাকি প্রতিটি অ্যাকশন দৃশ্য নিজেই করেছেন। কোনও বডি ডাবল ব্যবহার করেননি। প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন অভিনেতা। নির্মাতাদের আশা, এই ছবি বদলে দেবে টাইগারের কেরিয়ারগ্রাফ।