নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোহানের পর এবার সোহিনি। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল আরও একটি বয়স্ক বাঘের। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই দক্ষিণ রায়কে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। তাকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় কিন্তু কোনও সাড়া দেয়নি। এরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোহিনির বয়স হয়েছিল প্রায় ২৩ বছর। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বন আধিকারিকদের।
আজ, বৃহস্পতিবার তার ময়নাতদন্ত হওয়ার কথা। কয়েকমাস আগে বয়সজনিত কারণেই মৃত্যু হয় সোহানের। সেটি এই রাজ্যের অন্যতম প্রবীণ বাঘ ছিল বলে দাবি বনকর্মীদের। সুন্দরবন থেকে লোকালয়ে এসে ধরা পড়ার পর থেকেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রই তার ঠিকানা হয়ে উঠেছিল। মৃত্যুর দু’বছর আগে থেকেই সোহিনির চোখে ছানি পড়েছিল। নানা শারীরিক সমস্যাও মাঝেমধ্যে দেখা দিত তার। কিন্তু বনকর্মীদের দেখভাল ও যত্নের কারণেই এতদিন জীবন কাটিয়েছে সে। বন আধিকারিকদের মতে, সাধারণত পূর্ণবয়স্ক বাঘের আয়ু ১৫ থেকে ১৬ বছর হয়। নজরদারি ও যত্নের মধ্যে থাকার জন্যই সোহিনি তার থেকেও বেশি বছর বেঁচে ছিল বলে মনে করা হচ্ছে। সোহিনির মৃত্যুতে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পড়ে রইল ‘সুন্দর’ আর আলিপুর চিড়িয়াখানা থেকে আনা অন্য একটি বাঘ।