Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঘ ফিরল জঙ্গলে, পুকুর থেকে কুমির উদ্ধার করে ছাড়া হল খালে

বাঘ ফিরল জঙ্গলে, পুকুর থেকে কুমির উদ্ধার করে ছাড়া হল খালে
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: অবশেষে স্বস্তি পেল মৈপীঠ। বাঘ ও কুমিরের আতঙ্ক নেমে এসেছিল গ্রামে। সেই আতঙ্ক মুক্ত করে বাঘ ফিরল জঙ্গলে। কুমিরকে পুকুর থেকে উদ্ধার করে ছাড়া হল খালে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘ নিজে থেকেই মঙ্গলবার ভোরে আজমলমারি ১২ নম্বর জঙ্গলে চলে যায়। তার পায়ের ছাপ পর্যবেক্ষণ করে বিষয়টি বোঝা যায়। আর কুমিরটিকে ঝড়খালি রেঞ্জের সূর্যমণি খালে ছাড়া হয়।

Advertisement

মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় লোকালয় সংলগ্ন জঙ্গলে সোমবার রাতে বাঘ দেখতে পেয়েছিলেন এক বাসিন্দা। এরপর আতঙ্ক ছড়ায় গ্রামে। বনদপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেন। পটকা ফাটানো হয়। রাতে পাহারায় বসেন টাইগার কুইক রেসপন্স টিমের কর্মীরা। ঘর থেকে বাসিন্দাদের বেরতে নিষেধ করা হয়। সকালে লোকালয় সংলগ্ন জঙ্গলে নেমে পায়ের ছাপ ধরে পর্যবেক্ষণ চালান বনকর্মীরা। দেখতে পান, নদীর দিকে বাঘের পায়ের ছাপ। বুঝতে পারেন বাঘ নিজেই জঙ্গলে চলে গিয়েছে। 
অন্যদিকে মৈপীঠের মধ্য গুড়গুড়িয়া ময়রার চকের বাসিন্দা দিলীপ দলুইয়ের পুকুরে কুমির দেখে আতঙ্ক ছড়ায়। বনদপ্তরের কর্মীরা পুকুরে মেশিন বসিয়ে জলের পরিমাণ কমিয়ে কুমিরটিকে তোলেন। প্রাণীটিকে দেখতে গ্রামে ভিড় জমে যায় মঙ্গলবার সকালে। অনেকে মোবাইলে ছবি তোলেন। কুমিরটি পাঁচ ফুট লম্বা। সেটিকে নিয়ে ঝড়খালি রওনা দেন বনকর্মীরা। তারপরে খালে ছেড়ে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ