সংবাদদাতা, বোলপুর: বোলপুরের মহামিছিলে অনুব্রত মণ্ডল। আচমকা একটি বিশাল রয়েল বেঙ্গল টাইগার এসে তাঁকে আদর করছে। অবাক হয়ে দেখছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছিল। এরপর একই কায়দায় বানানো ভিডিওতে দেখা যাচ্ছে সিংহের আদর খাচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অর্থাৎ বাঘ-সিংহের লড়াই। এআইয়ের দৌলতে বানানো এমন ভিডিওতেই মজেছেন যুযুধান দুই নেতার অনুগামীরা। দু’টি ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। রাজ্য রাজনীতিতে দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে নানুরের তৃণমূল নেতা কাজল শেখও কোনও অংশে কম নন। একই দলের হয়ে রাজনীতি করলেও তাঁদের ঠান্ডা লড়াইয়ের কথা জেলার আট থেকে ৮০ সকলেই জানে। রাজনীতির ময়দানে অনুব্রতবাবুকে অনেকে বাঘ বলে থাকেন। তার পাল্টা কাজল সাহেবকেও সম্প্রতি সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে, ব্যাপারটি শুধু অনুগামীদের মুখে মুখে নয়, এবার সোশ্যাল মিডিয়াতেও বাঘ-সিংহের লড়াই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির মঞ্চে তৃণমূল কংগ্রেসের দুই নেতার ঠান্ডা লড়াই সর্বজনবিদিত। তবে, দলের পক্ষে সেটি ভালো বিষয় নয় বলে, রাজ্য নেতৃত্ব দু’জনকেই সংযত থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু, অনুগামীরা সংযত হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে নানা রসিকতা, মিম, ভিডিও। এ-বলে আমায় দেখ, তো ও বলে আমায়! কার পাল্লা ভারী, তা নিয়েও জোর টানাপোড়েন চলছে।



