নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বর্তমানে তিনি রেলের টিকিট পরীক্ষক। কিন্তু একটা সময় সাঁতার ছিল তাঁর ভালোলাগার ক্ষেত্র। কাজের চাপে সেই অভ্যাস ছেড়ে দিয়েছিলেন। তবে ফের অনুশীলন শুরু করেছেন ক্যানিংয়ের রবীন বোলদে। কারণ জুন মাসে ইংলিশ চ্যানেল পার করতে লন্ডনে পাড়ি দেবেন তিনি। জানালেন, ৫ জুন ওই দেশে পৌঁছনোর কথা। তারপর ১৯ তারিখ ইংলিশ চ্যানেল পার করার অভিযানে নামব। তবে তার আগেই আরও এক অভিযানে নামছেন তিনি। শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে দক্ষিণ ভারতের ধনুষ্কোডি পর্যন্ত পক স্ট্রেইট বা পক প্রণালী অতিক্রম করবেন। ১৭ এপ্রিল এই অভিযান রবীনবাবুর। ইতিমধ্যে রামেশ্বরম পৌঁছে গিয়েছেন। সমুদ্রের যে ‘রুট’ দিয়ে তিনি যাবেন, সেটা দেখেছেন এবং সেই মতো প্রস্তুতি নিচ্ছেন।



