Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দিনে উত্তর ২৪ পরগনার তিন তৃণমূল নেতা গ্রেপ্তার

পৃথক অভিযোগে তৃণমূলের তিন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

দু’দিনে উত্তর ২৪ পরগনার তিন তৃণমূল নেতা গ্রেপ্তার
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত, বারাকপুর ও সংবাদদাতা, বনগাঁ: পৃথক অভিযোগে তৃণমূলের তিন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বারাকপুর পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলমকে। শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার ওরফে গুপিকে। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বাগদার তৃণমূল পঞ্চায়েত সদস্য আরব শেখ। মঙ্গলবার প্রবীরকে বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছর অশোকনগরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল গুপির বিরুদ্ধে। আর তার বিরুদ্ধে নির্যাতিতার পরিবার থানায় অভিযোগও দায়ের করেন। কিন্তু শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার করার জন্য নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছিল গুপির। রাজ্যে পালাবদলের পর বেশ কিছুদিন পালিয়ে ছিলেন তিনি। অশোকনগরে ফিরতেই সোমবার রাতে বাড়ি থেকে গুপিকে গ্রেপ্তার করে পুলিশ। 

Advertisement

অন্যদিকে,  মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল বাগদা ব্লকের আষাঢ়ু পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরব শেখকে। সোমবার বাঁশঘাটার বাড়ি থেকে বাগদা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছেন। আরব দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত। সোমবার সন্ধ্যায় বাগদা থানার পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। আরবের আত্মীয় আলম শেখের খড়ের গাদা থেকে ২৫ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। সূত্রের দাবি, আত্মীয়দের সঙ্গে নিয়ে কাফ সিরাপ সহ বিভিন্ন মাদক বাংলাদেশে পাচার করত ধৃত পঞ্চায়েত সদস্য। তাঁর সঙ্গে যুক্ত ছিল ভাই ময়না শেখ ও আত্মীয় আলম শেখ। তাঁরা পলাতক। বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, শুনেছি পুলিশ এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযোগ সঠিক হলে পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপির রাজ্য সম্পাদক বিভা মজুমদার বলেন, আরব শেখরা তৃণমূলের সম্পদ ছিল। এরা পাচার সহ একাধিক অসামাজিক কাজে যুক্ত। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে আরব শেখের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস চলেছিল। 
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে বারাকপুর পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলমকে। তিনি কাশ্মীর থেকে ফিরছিলেন। কয়েক দিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ হাওড়া স্টেশনে তাকে আটক করে। তাকে মেডিকেল চেকআপ করানোর জন্য বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ী কাছে টাকা চাওয়ার অভিযোগ করেছেন। আজ বুধবার বারাকপুর আদালতে তোলা হবে তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ