Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙায় স্কুলে ফ্যান খুলে পড়ায় জখম তিন ছাত্রী

স্কুলের ফ্যান খুলে পড়ায় গুরুতর জখম হল তিন ছাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এদিনের দুর্ঘটনা ঘটেছে।

মাথাভাঙায় স্কুলে ফ্যান খুলে পড়ায় জখম তিন ছাত্রী
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: স্কুলের ফ্যান খুলে পড়ায় গুরুতর জখম হল তিন ছাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এদিনের দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে জোরপাটকি হাইস্কুলে নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়। ছাত্রীরা স্কুলঘরে বসেছিল। সেই সময়েই একটি ফ্যান আচমকা ভেঙে পড়ে। জখম হয় তিন ছাত্রী। তাদের তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের তরফে জানানো হয়েছে, এদিন দুর্ঘটনাবশত একটি ফ্যান খুলে পড়েছে। সমস্ত ক্লাসরুমের ফ্যানগুলির কী অবস্থা রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

Advertisement

জখম তিন ছাত্রীর নাম লিজা পারভিন, রুবিনা পারভিন ও মালা অধিকারী। তারা নবম শ্রেণিতে পড়ে। লিজা গুরুতর জখম হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। সে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রুবিনা ও মালার আঘাত কম থাকায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। লিজার ঠাকুমা আলেয়া বেগম বলেন, নাতনি এদিন স্কুলে গিয়েছিল। দুপুরের দিকে আমরা খবর পাই ফ্যান খুলে পড়ায় জখম হয়েছে। স্কুলের ফ্যানগুলি কী অবস্থায় রয়েছে, তা দেখার প্রয়োজন বোধ করেন না শিক্ষকরা।
এদিনের ঘটনায় অন্য পড়ুয়ারাও আশঙ্কা প্রকাশ করেছে। বর্তমানে গরমে ফ্যান চালিয়েও মিলছে না নিস্তার। এর মধ্যে ক্লাসরুমের ফ্যান খুলে পড়ার ঘটনায় স্কুলে আতঙ্ক ছড়ায়। এদিন ভয়ে অন্য ক্লাসরুমেও ফ্যান চালায়নি ছাত্ররা। 
জোরপাটকি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কানু বর্মন বলেন, এদিন নবম শ্রেণির ক্লাসরুমে ফ্যান খুলে পড়ায় তিনজন ছাত্রী জখম হয়েছে। একজনের আঘাত বেশি লেগেছে। প্রতিটি ক্লাসরুমের ফ্যানের অবস্থা খতিয়ে দেখব। হাসপাতালে যে ছাত্রী চিকিৎসাধীন, তার খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ