সংবাদদাতা, তপন ও গঙ্গারামপুর: বাংলাদেশে পাচারের আগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের হারদিঘি এলাকা থেকে ৮ হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার করল পুলিস। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় রণজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তপন থানার পুলিস। জানা গিয়েছে, ধৃত রণজিৎ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা সুমি দাস মণ্ডলের স্বামী। শনিবার ভোরে পুলিস তার বাড়ি লাগোয়া গোডাউনে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর সেখানে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়। অভিযানে নেতৃত্ব দেন তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা ও ডিএসপি (ডিএনটি) প্রদীপ কুমার সরকার। তাঁদের সঙ্গে বিশাল পুলিস বাহিনী উপস্থিত ছিল।
স্থানীয় সূত্রে খবর, ভোর থেকেই পুলিস অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। বাড়ির পাশে থাকা গোডাউন থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপের বোতল উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য এই সিরাপ মজুত করা হয়েছিল। তবে পুলিস সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, ৮ হাজার বোতল কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
এদিকে, গঙ্গারামপুর হরিহরপুর বিওপি ও ভাদ্রা বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে প্রায় ১৫০০ বোতল কাফ সিরাপ সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নিরুৎ সরকার ও মাসুদ আলম। প্রথমজনের বাড়ি কুশমণ্ডির গোবড়াবিল এলাকায়। মাসুদের বাড়ি হরিহরপুর এলাকায়।
শুক্রবার রাতে গঙ্গারামপুরের প্রাণসাগর-সর্বমঙ্গলা রাজ্য সড়কের রথীনাথপুর এলাকায় একটি ছোট গাড়িতে তল্লাশি চালায় বিএসএফ। গাড়ি থেকে প্রায় বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধারের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গঙ্গারামপুরের ভাদ্রা বিওপি এলাকায় শুক্রবার রাতে কাঁটাতার সংলগ্ন এলাকায় কাফ সিরাপ পাচার করতে গিয়ে বিএসএফফের হাতে ধরা পড়ে একজন। উদ্ধার হয় ১১৬ বোতল কাফ সিরাপ। ধৃতদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।