Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলা হাসপাতালে ৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে তিনটিই বিকল, আন্দোলনে নামল কং

জেলা হাসপাতালে ৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে তিনটিই বিকল, আন্দোলনে নামল কং
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট। ফলে পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনদের। জেলা হাসপাতালে পাঁচটি ডায়ালিসি মেশিনের মধ্যে তিনটিই বিকল হয়ে আছে। বাধ্য হয়ে কিছু রোগীকে ডায়ালিসিসের জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দিচ্ছে কর্তৃপক্ষ। ডায়ালিসিস ইউনিটের এই বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা কংগ্রেস হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করে। আজ, শুক্রবারও কংগ্রেসের এই আন্দোলন চলবে। 

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, একটা ডায়ালিসিস করতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে। এদিকে, ফালাকাটা সুপার স্পেশালিটিতে যাওয়ার জন্য ডায়ালিসিস রোগীদের বাড়তি খরচ ও সময়ের জন্য হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। তারপরেও জেলা হাসপাতালের অকেজো মেশিন কেন বদলে দেওয়া কিংবা মেরামত করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। ইউনিটের এই বেহাল দশার প্রতিবাদেই কংগ্রেস আন্দোলনে নেমেছে। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কংগ্রেসের এই অবস্থান আন্দোলন চলে। জেলা কং সভাপতি শান্তনু দেবনাথ বলেন, হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। অথচ বিকল মেশিন সারাইয়ে কর্তৃপক্ষের হেলদোল দেখছি না। শুক্রবারও এই আন্দোলন চলবে। 
যদিও বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৩২ জন রোগী ডায়ালিসিস পরিষেবা নিতে আসেন। স্বাস্থ্যদপ্তরের অবশ্য দাবি, ওই মেশিনগুলি মান্ধাতার আমলের। সেই কারণে খারাপ হয়ে গিয়েছে। 
জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, পুরনো পাঁচটি ডায়ালিসিস মেশিনের মধ্যে তিনটি খারাপ হয়ে আছে। এখন দু’টি মেশিন চলছে। তবে স্বাস্থ্য ভবন থেকে জেলা হাসপাতালে নতুন ১০টি ডায়ালিসিস মেশিন পাঠানো হয়েছে। নতুন মেশিন বসানোর কাজ হয়ে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ