তারক চক্রবর্তী, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের শিকার শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি শিবগ্রামের প্রধান পরিবার। মিরিকে ধসে একই পরিবারের মা, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার একই বাড়ির তিনজনের শেষকৃত্যের পর এলাকা শোকে ডুবে যায়। ঘটনার পর থেকে গত দু’দিন ধরে এলাকায় রান্নাবান্না বন্ধ রেখেছে কয়েকটি পরিবার। সোমবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন নিহতদের বাড়িতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীও শোকপ্রকাশ করেছেন।
জানা গিয়েছে, মৃতদের নাম অনুজ প্রধান (৪২), তাঁর স্ত্রী অনিতা প্রধান (৪১) এবং মেয়ে স্নেহ প্রধান (১৯)। শিবগ্রাম এলাকায় অনুজের একটি তিনতলা বাড়ি এবং পাশেই মুদির দোকান রয়েছে। তাঁর এক ছেলে সাহিল প্রধান কাজের জন্য দুবাইয়ে থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে সাহিল সোমবার সকালে শিলিগুড়িতে পৌঁছন। নিজের হাতে বাবা-মা এবং ছোট বোনের শেষকৃত্য সম্পন্ন করার পর শোকাহত সাহিল কার্যত বাকরুদ্ধ।
মৃতের আত্মীয় অশোক প্রধান জানান, রবিবার ভোর পাঁচটায় তাঁরা ঘটনাটি জানতে পারেন। অনুজের পরিবারে ছেলে ছাড়া আর কেউ নেই। তাঁর মিরিকে কয়েকজন আত্মীয় রয়েছেন। দশাইন উত্সবে তিলক পুরো পরিবার মিরিকে গিয়েছিল। রবিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। যতদূর জানা গিয়েছে, রাত দু’টোর দিকে ঘটনাটি ঘটে। পুরো পরিবার মিরিকে এক আত্মীয়ের বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই ভূমিধস হয়। অনুজ তাঁর স্ত্রী এবং মেয়ের সঙ্গে একই ঘরে ছিলেন। ধসে ঘরটি চাপা পড়ে যায় এবং তাঁদের মৃত্যু হয়।
মিরিকে ভক্তিনগর থানার খোলাচাঁদ ফাপরি এলাকার বাসিন্দা আরুষি ছেত্রীরও (১২) ধসে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, আরুষি দশাইন উদযাপন করতে মিরিকে তার মামার বাড়িতে গিয়েছিল। রবিবার রাতেই মেয়র আরুষির বাড়িতেও গিয়েছিলেন। তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মিরিকে ধস।