নিজস্ব প্রতিনিধি, বারাসত: শশী পাঁজার ‘আপ্ত সহায়ক’ পরিচয় দিয়ে হুমকি দেওয়ায় রাজ শঙ্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিস। যদিও তিনি মন্ত্রীর আপ্ত সহায়ক নন। ধৃতের বাড়ি কলকাতার শোভাবাজার এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে বারাসত মহকুমা আদালতে পাঠানো হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি রাজের সঙ্গে থাকা নীল বাতি দেওয়া একটি চারচাকা গাড়িও আটক করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ বেশ কিছুদিন ধরেই দত্তপুকুরের কদম্বগাছিতে আসছিল। বুধবার রাতে নীল বাতি জ্বালিয়ে ও সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে বাদু রোড ধরে আসছিল তার গাড়ি। সেটি কদম্বগাছির আগে এক পথচারীকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকে করলে হম্বিতম্বি শুরু করে রাজ শঙ্কর। নিজেকে মন্ত্রীর আপ্ত সহায়ক দাবি করে উপস্থিত ব্যক্তিদের হুমকি দিতে শুরু করে। স্থানীয়রা খবর দেন দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিসকে। পুলিস এসে উত্তেজিত জনতার হাত থেকে রাজকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে চলে দফায় দফায় জেরা। পুলিসও জানতে পারে, মন্ত্রীর আপ্ত সহায়ক নয় রাজ। মন্ত্রীর নাম ভাঁড়িয়ে বেশ কিছুদিন ধরেই সে এই এলাকায় আসছিল। মানুষকে বিভিন্নভাবে শাসানিও দিচ্ছিল। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলছেন স্থানীয়রা। পুলিস রাজকে গ্রেপ্তার করে। আটক করেছে নীল বাতি গাড়িটিও। এবিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মন্ত্রীর নাম ভাঁড়ানো অপরাধ। উপযুক্ত ব্যবস্থা নিক পুলিস। বৃহস্পতিবার ধৃত যুবককে বারাসত আদালতে পাঠানো হয়। সে এলাকায় কার কাছ থেকে টাকা তুলেছে জানার চেষ্টা করছে পুলিস। রাজের বিরুদ্ধে আর কোনও অভিযোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।



