নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বুথ পুনর্বিন্যাসের উদ্যোগ। ১২০০ ভোটারের বেশি হলেই বুথ ভাঙা হবে। শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠকে একথা জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে কালীপুজোর পরই শুরু হবে ভোটারতালিকা সংশোধান। এজন্য, এক মাস ধরে সপ্তাহে দু’দিন করে বুথে বুথে হবে বিশেষ ক্যাম্প। এদিকে, দার্জিলিং জেলার পাহাড়-সমতলে ভোটারতালিকার বাইরে রয়েছে বহু মানুষ। অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকাবার যোগাযোগ করেও ভোটারতালিকায় নাম ওঠেনি। ইতিমধ্যে জেলায় নাম তোলার জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
গত বিধানসভা নির্বাচনের আগে জেলায় বুথ ভাঙা হয়েছিল। এবারও ঠিক একই পদ্ধতিতে বুথ পুনর্বিন্যাস করা হবে। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ১৪৬৫টি। এরমধ্যে দার্জিলিংয়ে ৩৩৫টি, মাটিগাড়া-নকশালবাড়িতে ৩২৮টি, কার্শিয়াংয়ে ২৯৬টি, ফাঁসিদেওয়ায় ২৬১টি এবং শিলিগুড়িতে ২৪৫টি বুথ রয়েছে। ১২০০ ভোটারের বেশি বুথের সংখ্যা ৪৪টি। এমন বুথ মাটিগাড়া-নকশালবাড়িতে ২৮, ফাঁসিদেওয়ায় ১১, শিলিগুড়িতে সাত এবং কার্শিয়াংয়ে চারটি। প্রশাসনের এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ১২০০ ভোটারের বেশি বুথগুলি ভাঙা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বদলীয় বৈঠকে এব্যাপারে আলোচনা হয়েছে।
এদিকে, জেলার পাহাড়-সমতলে এখনও প্রচুর মানুষের নাম ভোটারতালিকায় ওঠেনি। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এব্যাপারে সরব হয় সিপিএম। দলের দার্জিলিং জেলা কমিটির নেতা শরদিন্দু চক্রবর্তী বলেন, বুথ পুনর্বিন্যাসে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তবে বহুবার আবেদন করেও অনেকে ভোটারতালিকায় নাম তুলতে পারছেন না। এব্যাপারে প্রশাসনের কাছে একাধিকাবার জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ মিলছে। আবার এসআইআরের সময় অনেকের নাম কাটা হয়েছে। তাঁরাও এখনও নাম তুলতে পারেননি। এবার ভোটারতালিকা সংশোধনে বিষয়গুলি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই দাবি সর্বদলীয় বৈঠকে জানিয়েছি।
ভোটারতালিকা সংশোধন নিয়ে প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যে তারা বিএলওদের প্রশিক্ষণ দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৩ নভেম্বর জেলায় খসড়া ভোটারতালিকা প্রকাশিত হবে। ওইদিন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সংশোধনের কাজ চলবে। নতুন নাম তোলা, নাম, ঠিকানা সংশোধন, নাম স্থানান্তরিত প্রভৃতি বিষয়ে আবেদন নেওয়া হবে। এজন্য প্রতি শনি ও রবিবার বুথে বুথে বিশেষ ক্যাম্প করা হবে। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটারতালিকা। তবে জেলায় ভোটারতালিকায় নাম তোলার জন্য আবেদন জমা রয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার। এমন আবেদনের সংখ্যা শিলিগুড়িতে প্রায় ৩৫ হাজার।



