নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক। আজ, রবিবার সকালে শহরের মাসকলাইবাড়ি বিশ্বাসপল্লি এলাকায় করলা নদীতে প্রচুর মাছ ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই অনেকেই নদীর পাড়ে ভিড় জমান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জলপাইগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিঙ্কু বিশ্বাস। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নদীর পাড়ে গিয়ে দেখি করলায় বড় বড় আড়, বোয়াল, রুই, শরপুঁটি সহ বিভিন্ন মাছ ভেসে উঠেছে। কিছু মাছ খইয়ের মতো জলে ভাসছে। কিছু মাছ আধমরা অবস্থায় ডাঙার দিকে এসে লাফাচ্ছে। অনেকে ওই মাছ ধরে বাড়ি নিয়ে যায়। নদীতে ভেসে ওঠা কিছু মাছ আশপাশের বাজারেও চলে যায়। এরপরই বিষয়টি পুলিশ প্রশাসন এবং মৎস্য দপ্তরকে জানানো হয়।’ তিনি আরও বলেন, ‘পুরসভার চেয়ারম্যানকেও জানানো হয়েছে বিষয়টি।’ নদীতে ভেসে ওঠা মাছ যাতে কোনোভাবে বাজারে বিক্রি না হয় কিংবা ওই মাছ যাতে কেউ না খায়, তা নিয়ে মাইকিং করা হয়। বিষক্রিয়া থেকে এমন ঘটনা ঘটেছে বলে সন্দেহ নদীপাড়ের বাসিন্দাদের। এর আগেও একাধিকবার জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীতে মাছের মড়ক হয়েছে।