খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! গ্রেপ্তার হাওড়ার যুবক
  • ৪ নভেম্বর, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: এ যেন টাকার পাহাড়! পাঁচশো টাকার কাঁড়ি কাঁড়ি বান্ডিল। টাকা গুনতে আনতে হল মেশিন। বুধবার সকালে খড়্গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা। বৈধ নথি দেখাতে না পারায় হাওড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে খড়্গপুর জিআরপি। ধৃতের নাম রাহুল সোনি।

Advertisement

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার খড়্গপুর স্টেশনে অপরাধ দমন অভিযানের সময় ৭ নম্বর প্ল্যাটফর্মে বছর ৩৬-এর ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর পিঠে ছিল একটি নীল রঙের ব্যাগ, হাতে আরও দুটি হাতব্যাগ। পুলিশ আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করতেই তাঁকে আটক করা হয়। এরপর খড়্গপুর জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ব্যাগগুলিতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশির ভিডিয়োও রেকর্ড করা হয়। তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ২৮০টি বান্ডিল। টাকা গোনার জন্য মেশিন আনা হয়। গণনা শেষে দেখা যায়, মোট নগদ ১ কোটি ৪০ লক্ষ টাকা রয়েছে। বৈধ নথি দেখাতে না পারায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। খড়্গপুরের এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ধৃতের বাড়ি হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার জি টি রোডে। জেরায় রাহুল দাবি করে, টাটানগরের বিষ্টুপুর এলাকা থেকে ওই টাকা নিয়ে হাওড়ায় ফিরছিলেন তিনি। এক আত্মীয় তাকে অন্য একজনের কাছে এই টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তবে বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস সম্পর্কে কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি।