Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হাই-ভোল্টেজ ম্যাচে নজরে যাঁরা

দুই হেভিওয়েটের মোকাবিলা মানেই অবধারিত উত্তেজনার ফুলকি। দ্বীপরাষ্ট্রে তারই গনগনে উত্তাপ। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথে যাঁরা নজর কাড়তে পারেন—

হাই-ভোল্টেজ ম্যাচে নজরে যাঁরা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুই হেভিওয়েটের মোকাবিলা মানেই অবধারিত উত্তেজনার ফুলকি। দ্বীপরাষ্ট্রে তারই গনগনে উত্তাপ। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথে যাঁরা নজর কাড়তে পারেন—

Advertisement

ভারতের ব্রহ্মাস্ত্র

অভিষেক শর্মা: কুড়ি ওভারের ফরম্যাটে বিপ্লব এনেছেন বাঁ-হাতি ওপেনার। তাঁর স্ট্রাইক রেট দুশোর উপর। ফিট হয়ে ওঠা অভিষেকের ব্যাটে ঝড়ের অপেক্ষায় ভক্তরা।
ঈশান কিষান: কিছুদিন আগেও ছিলেন জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে। সুযোগ কাজে লাগিয়ে ভরসাও জোগাচ্ছেন। 
সূর্যকুমার যাদব: এই ফরম্যাটে অপ্রতিরোধ্য ভারতের ক্যাপ্টেন। উদ্ভাবনী শটে বোলারের লাইন-লেংথ তালগোল পাকাতে ওস্তাদ।
হার্দিক পান্ডিয়া: নামিবিয়া ম্যাচের নায়ক। ব্যাট হাতে ডেথ ওভারে যেমন বিধ্বংসী হওয়ার ক্ষমতা ধরেন, তেমনই বল হাতেও নির্ভরযোগ্য।
যশপ্রীত বুমরাহ: অদ্ভুত অ্যাকশনের জন্য ব্যাটারদের আতঙ্ক। জ্বরের জন্য আমেরিকা ম্যাচে নামেননি। নামিবিয়ার বিরুদ্ধে অবশ্য চেনা ছন্দে ছিলেন। পাওয়ার প্লে’র মধ্যেই হোক বা মিডল ওভার— বুমরাহ মানেই চাপে বিপক্ষ ব্যাটাররা।
বরুণ চক্রবর্তী: মিস্ট্রি স্পিনার। বল পড়ে কোনদিকে ঘুরবে কিংবা আদৌ ঘুরবে কিনা, হাত দেখে বোঝা কঠিন। সেজন্যই এই ফরম্যাটে বরুণকে খেলা মুশকিল। চলতি বিশ্বকাপে দু’ম্যাচে পকেটে পুরেছেন ৪ উইকেট।

পাকিস্তানের ভরসা

শাহিবজাদা ফারহান: বিধ্বংসী ওপেনার। নতুন বলে চালাতে পারেন অনায়াসে। প্রথম দু’ম্যাচেই বড় রান  পেয়েছেন তিনি।  
বাবর আজম: পাকিস্তানের সেরা ব্যাটার। এই ফরম্যাটে নানা রেকর্ড রয়েছে। তবে প্রতিভা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। চলতি বিশ্বকাপ ৩১ বছর বয়সির কাছে নিজেকে প্রমাণের মঞ্চ। প্রথম দু’ম্যাচে করেছেন ৬১ রান।
সলমন আগা: বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পাক ক্যাপ্টেনের। দু’ম্যাচে এসেছে মাত্র ১৩ রান। তবে এই ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর জন্য ভারত ম্যাচকেই বেছে নিতে চাইবেন ৩২ বছর বয়সি ব্যাটার।
উসমান তারিক: বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত স্পিনার। বল ছাড়ার আগের মুহূর্তে থমকে গিয়ে বিব্রত করেন ব্যাটসম্যানকে। তাই তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে।
শাহিন শাহ আফ্রিদি: নতুন বলে ভয়ঙ্কর। বাঁ-হাতি পেসারের অভিজ্ঞতার ঝুলিও ভারি। ভারত-পাক দ্বৈরথেও নেমেছেন বহুবার। চলতি আসরে অবশ্য দুটোর বেশি উইকেট পাননি। তবে রবিবার মহাম্যাচে জ্বলে উঠতে চাইবেন।
শাদাব খান: দক্ষ লেগস্পিনার। ব্যাট হাতেও চলনসই। পাক দলের গুরুত্বপূর্ণ সদস্য ২৭ বছর বয়সি অলরাউন্ডার। এই আসরে দুটো উইকেট নিয়েছেন। কলম্বোর স্পিন সহায়ক পিচে বড় ভূমিকা নিতে পারেন ভারতের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ