Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

থানার সামনে থেকে লক্ষাধিক টাকা লোপাট রঘুনাথপুরে

থানার সামনে থেকে লক্ষাধিক টাকা লোপাট রঘুনাথপুরে
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রঘুনাথপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে এক প্রৌঢ় বাইকের টুলবক্সে(ডিকিতে) রেখেছিলেন। এরপর তিনি থানার সামনে বাইক দাঁড় করিয়ে ফল কিনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, বাইকের টুলবক্সের চাবি ভাঙা রয়েছে। বক্স থেকে ১ লক্ষ ৩৭ হাজার টাকা খোয়া গিয়েছে। ঘটনার আকস্মিকতায় তিনি রীতিমতো হতবাক হয়ে যান। তিনি দ্রুত থানায় গিয়ে বিষয়টি জানান। পুলিস এলাকায় নাকা তল্লাশি শুরু করে। কিন্তু শেষপর্যন্ত টাকা উদ্ধার করতে পারেনি। ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রঘুনাথপুর থানার নিলডি গ্রাম পঞ্চায়েতের ধনুকতোড় গ্রামের বাসিন্দা ললিত মুখোপাধ্যায় পুরোহিতের কাজ করেন। তাঁর বাড়িতে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি পুজো-আচ্চা করে কোনওরকমে সংসার চালান। তিনি এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত দেওয়ার জন্যই সেদিন দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন।
Advertisement
ললিতবাবু বলেন, রঘুনাথপুর কলেজে মেয়েকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম। মেয়েকে কলেজে পৌঁছে দিয়ে ব্যাঙ্কে টাকা তুলতে যাই। টাকা তুলে এনে বাইকের টুলবক্সে রেখেছিলাম। ওখানে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট মিলিয়ে মোট ১ লক্ষ ৩৭ হাজার টাকা ছিল। বাইকটি থানার বিপরীতে এক জায়গায় দাঁড় করিয়ে ফল কিনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, টুলবক্স ভাঙা। আর টাকাও চুরি গিয়েছে। পুজো করে কোনও রকমে দিন চালাই। দু’টি মেয়ে পড়াশোনা করছে। ওদের পড়াশোনা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি। তার উপর এত টাকা খোয়া যাওয়ায় রাতের ঘুম উড়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ