Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠিকাদার সংস্থার সঙ্গে টানাপোড়েন,  জাতীয় সড়কের কাজ থমকে

ঠিকাদার সংস্থার সঙ্গে টানাপোড়েন,  জাতীয় সড়কের কাজ থমকে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ঠিকাদার সংস্থার সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষর টানাপোড়েন চলায় থমকে রয়েছে কাজ। উল্লাসে ওভারব্রিজ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পথবাতি বসানো হয়ে গিয়েছে। ব্রিজের উপর ‘টেস্ট ড্রাইভ’ হয়েছে। কিন্তু তারপরও সেটি চালু করা যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার কাজের মান নিয়ে কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছিল। কাজের গতিও কম ছিল। এক সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিকাদার বদলেরও ভাবনাচিন্তা করে। কিন্তু পরে ঠিক হয় ওই ঠিকাদার সংস্থার সঙ্গে নতুনভাবে একটি চুক্তি হবে। সেই চুক্তি হয়ে গেলেই সংস্থা কাজ শুরু করবে। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, খুব তাড়াতাড়ি কাজ শেষ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যেসব জায়গায় কাজ কিছুটা বাকি রয়েছে সেখানে আগে তা করা হবে।
Advertisement
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু উল্লাস এবং নবাবহাটে ওভারব্রিজ তৈরি করতে ঠিকাদার সংস্থা দীর্ঘ সময় নেয়। তা নিয়ে জেলা প্রশাসন ক্ষোভ প্রকাশ করে। তারপরই কর্তৃপক্ষর টনক নড়ে। তারা ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ করার নির্দেশ দেয়। সময় মতো কাজ শেষ না করলে চুক্তি বাতিল করারও হুঁশিয়ারি তারা দিয়েছিল। কিন্তু তারপরও কাজ কিছু হয়নি। তেজগঞ্জে ফুটওভার ব্রিজ হওয়ার কথা রয়েছে। সেখানে লিফট বসার পরিকল্পনা রয়েছে। সেটা এখনও বিশবাঁও জলে রয়েছে। এছাড়া শক্তিগড়ের আমরা এলাকাতে কাজ বাকি রয়েছে। এক ট্রাফিক পুলিস আধিকারিক বলেন, রাস্তা সম্প্রসারণের কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে। কিছু জায়গায় গার্ডওয়াল দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা সংকীর্ণ হওয়ার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে। উল্লাসেও ঝুঁকি নিয়ে যাতায়ত করতে হচ্ছে। ওভারব্রিজ চালু হয়ে গেলে ঝুঁকি অনেকটাই কমে যাবে।
 পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কাজ শেষ হবে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এবছরও তারা সব জায়গায় কাজ শেষ করতে পারবে না। রাস্তা সম্প্রসারণের কাজ শেষ না হলে দুর্ঘটনা কমবে না। ঠিকাদার সংস্থার এক আধিকারিক কয়েক দিন আগে বলেন, কয়েকটি জায়গায় কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে। সেগুলি তাড়াতাড়ি করা হবে। উল্লাসের ওভারব্রিজ কিছুদিনের মধ্যেই চালু করা যাবে। ওভারব্রিজের ক্ষেত্রে কাজ শেষ হওয়ার পরও বেশকিছু বিষয়ের উপর নজরদারি করতে হয়। ভারী যানবাহন চালিয়ে ‘স্বাস্থ্য’ পরীক্ষা করা হয়। তারপরই আমজনতাকে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। সেটা না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। জেলার কয়েকটি ওভারব্রিজ আগেই চালু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ