সংবাদদাতা, বোলপুর: পৌষমেলা নিয়ে জল্পনার অবসান হল। গতবছরের মতো এবারও শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই ছ’দিনের ঐতিহ্যবাহী পৌষমেলা আয়োজন করতে চলেছে বিশ্বভারতী। বুধবার সন্ধ্যায় বিশ্বভারতী ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মেলা আয়োজনে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি, মেলা শেষ হওয়ার ৪৮ঘণ্টার মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। তবে এবার স্টলের ভাড়া ১০শতাংশ বৃদ্ধি হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের মতো এবারও ছ’দিনের পৌষমেলা আয়োজনের বিষয়ে আগের বৈঠকেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। এই বৈঠকে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ল। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন, বোলপুরের মহকুমা শাসক ব্রততী দত্ত, এসডিপিও অর্পিত আর পারাখ সহ বিশ্বভারতী ও জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলার পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে বিশ্বভারতীর উপাচার্য বলেন, এবারও ছ’দিনের মেলা হবে। এবারও মেলার স্টল বুকিং অনলাইনে হবে। ১৫নভেম্বর থেকে মেলার স্টল বুকিং শুরু। ক্ষুদ্র ও হস্তশিল্পীদের এবার মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবছর একটি নতুন ওয়েবসাইট খোলা হচ্ছে পৌষমেলার জন্য। সেখানে সমস্ত তথ্য পাবেন মেলা দেখতে আসা পর্যটকরা। এছাড়াও মেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবে বোলপুর পুরসভা। সিসি ক্যামেরায় নজরদারি বানানো হবে। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, ঐতিহ্য মেনে মেলা হবে। জেলা পুলিশ ও প্রশাসন সর্বতোভাবে সাহায্য করবে বলে জানিয়েছে। আমরাও ট্রাস্টের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করছি।



