সংবাদদাতা, তেহট্ট: পলাশীপাড়া থানার বার্নিয়া হরিতলাপাড়া পুজো কমিটি প্রতিবছর থিমের দুর্গাপুজো করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবছরের থিম কেদারনাথ মন্দির। তার সঙ্গে থাকছে মানানসই আলোকসজ্জা। এবারের পুজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
পুজো কমিটির সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষচৌধুরী বলেন, এবার আমাদের পুজো ১১ বছরে পা দিল। আমাদের বাজেট প্রায় আট লক্ষ টাকা। প্রতিবার আমরা নতুন নতুন থিম মানুষকে উপহার দিয়ে আসছি। সেই সঙ্গে চোখধাঁধানো আলোকসজ্জা। এবার দর্শনার্থীদের কেদারনাথ মন্দিরে নিয়ে যাব। পুজো মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের মনে হবে যে তাঁরা পুণ্যক্ষেত্র কেদারনাথে এসেছেন। সেই বরফঘেরা পর্বতের মধ্যে কেদারনাথ স্বয়ং আছেন, যা দেখে মানুষের ভালোই লাগবে। তিনি বলেন, এবার আলোকসজ্জা আমাদের পুজো মণ্ডপ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাজার পর্যন্ত থাকবে। পুজো কমিটির সম্পাদক তরুণ ঘোষচৌধুরী বলেন, আমরা শুধু মণ্ডপ বা আলোকসজ্জায় আটকে থাকি না। পুজো মণ্ডপে বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তা থাকবে। সেখানে যেমন থাকছে প্ল্যাস্টিক বর্জন, ডেঙ্গু নিয়ে সচেতনতা গাছ লাগানোর বার্তা ও জল বাঁচানোর বার্তা। থাকবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা। নবমীর দিন সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। শোভা যাত্রা সহকারে মাকে পুকুরে বিসর্জন দেওয়া হয়। এলাকাবাসী ছাড়াও আশেপাশের গ্রামগুলি থেকে মানুষ আসেন আমাদের এই পুজো মণ্ডপে।