Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গান ও কবিতায় মোড়া টি-শার্ট, ফ্রিজ ম্যাগনেট-টেবল ম্যাট, এবার পয়লা বৈশাখে বাঙালির ট্রেন্ড শুধুই ‘বাংলা’

গান ও কবিতায় মোড়া টি-শার্ট, ফ্রিজ ম্যাগনেট-টেবল ম্যাট, এবার পয়লা বৈশাখে বাঙালির ট্রেন্ড শুধুই ‘বাংলা’
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০৪
Prefer us on Google

সোহম কর, কলকাতা:  টি-শার্টে উঁকি দিচ্ছেন ভূতের রাজা। জামায় সহজ পাঠের ছবি। টেবল ম্যাটে লেখা, রবীন্দ্রনাথের ‘আমার মল্লিকা বনে...।’

Advertisement

‘বাংলা নববর্ষ তো চলে এল। তার আগে বাড়ি যদি এমন কিছু দিয়ে সাজানো যায়, যেখানে থাকবে শুধুই বাংলার ছোঁয়া? কেমন হবে?’ গোটা কলকাতা বলছে, ‘তাহলে তো দারুণ।’ আর বাস্তবেও দেখা গেল, এ বছর শপিংয়ের ট্রেন্ড সেই দিকেই ঝুঁকেছে। বাংলা লেখা টি-শার্ট কয়েক বছর ধরেই জনপ্রিয়। এবছর ফ্রিজের ম্যাগনেট, টেবলের ম্যাট, মোবাইল ফোনের কভারেও গুছিয়ে বসেছে বাংলা হরফ। 
জামা, টি-শার্টে শুধুই বাঙালি ক্যারেকটার। আছেন প্রফেসর শঙ্কু, ভূতের রাজা, তারানাথ তান্ত্রিকরা। নববর্ষের আগে নিজের বাঙালিয়ানাকে এভাবে ঝালিয়ে নিচ্ছে বাঙালি। কোমর বেঁধে চলছে কেনাকাটা। আর বাজার ছেয়ে থাকা বাঙালি জিনিসপত্র দেখে কার্যত চেটেপুটে খাচ্ছে আবালবৃদ্ধ বাঙালি। অনেকের টি শার্ট নাপসন্দ। তাঁদের জন্য রয়েছে জামা। তাতে আঁকা ‘সহজ পাঠ’। 
বাংলা লেখা টি শার্ট তৈরি করছেন দেবলীনা বোস ও নীলাদ্রি বোস। তাঁরা বলেন, ‘আমরা দেখি বাজারে আন্তর্জাতিক ক্যারেক্টারদের ছবি দেওয়া জামা-কাপড় মেলে। তা আমাদেরও তো সত্যজিত্, সুকুমার, রবীন্দ্রনাথ আছেন। সেখান থেকেই শঙ্কু, আবোল তাবোল, ভূতের রাজা, সহজ পাঠ তুলে আনলাম।’ দেবলীনার সংযোজন, ‘সারা বছরই এই ধরনের টি শার্ট-জামার চাহিদা থাকে। বাংলা নববর্ষের সময় চাহিদা যায় অনেকখানি বে঩ড়ে।’ 
তবে জামাকাপড় শুধু নয়। ঘর সাজানোর ক্ষেত্রেও বাংলা চলে এসেছে ফ্যাশন ট্রেন্ডে। এই ছোঁয়া দিচ্ছেন অঙ্কনা চক্রবর্তী নামে এক প্রস্তুতকারক। তাঁর তৈরি ফ্রিজ ম্যাগনেটে দেখা যাচ্ছে, ‘আশ্বিনের শারদ প্রাতে।’ ‘ভাতে মাছে বাঙালি।’ আরও কত কী। ‘দাম নাগালের মধ্যেই’-বললেন অঙ্কনা। আর রয়েছে নোটবুক। সেখানে আঁকা যামিনী রায় ঘরানার ছবি। রয়েছেন পাগলা দাশুও। প্রেমিককে আদর করে ‘পাগলা দাশু’ বলেন এমন প্রেমিকারা নববর্ষে এই উপহার দেখলেই কিনছেন। অঙ্কনা বললেন, ‘সবকিছু আমরাই তৈরি করি। বাংলা কবিতা-গান লেখা ছোট ব্যাগও আছে। মুক্তারামবাবু স্ট্রিটে আমাদের দোকান।’ এগুলির পাশাপাশি নজর কাড়ে টেবল ম্যাট। তাতে লেখা, ‘আজ প্রথম ধরেছে কলি...।’ এ ম্যাট খাবার টেবিল শুধু নয় গোটা বাড়ির আমেজটাই বদলে দেয় মনে করেন কসবার সুকন্যা সেন। তিনি বলেন, ‘নববর্ষে বাড়িতে নিমন্ত্রণ করি বন্ধুদের। চারপাশে যদি বাংলা লেখা জিনিসপত্র থাকে দেখতে বেশ লাগে।’ সম্প্রীতি, সুদর্শনা নামে কলেজ ছাত্রীরা বাংলার এই আগ্রাসনে খুব খুশি। সগর্বে বললেন, ‘শুধু নববর্ষ কেন, অন্য রাজ্যে গিয়ে সবসময় বাংলা লেখা জামা পরি। বঙ্গের বিখ্যাত চরিত্রদের নিয়ে আঁকা টি শার্ট পরলে গর্ব হয়। ভালো লাগে।’ কলকাতার অনেকেই বলছেন, ‘ছবির ফ্রেম থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র-বিবেকানন্দ-বিদ্যাসাগরও উঠে আসবেন বুকের মাঝে। টি শার্টে তাঁদের সঙ্গী করে ঘুরব গোটা দেশ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ