Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজোর থিম ‘সোনার বাংলা’

দুর্গাপুরের নামী পুজোগুলির মধ্যে এবছর চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘সোনার বাংলা’। ১৩০ ফুট এলাকাজুড়ে মণ্ডপ তৈরির কাজ চলছে। মণ্ডপের উচ্চতা প্রায় ৭৫ ফুট।

এবার দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজোর থিম ‘সোনার বাংলা’
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের নামী পুজোগুলির মধ্যে এবছর চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘সোনার বাংলা’। ১৩০ ফুট এলাকাজুড়ে মণ্ডপ তৈরির কাজ চলছে। মণ্ডপের উচ্চতা প্রায় ৭৫ ফুট। মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, বেত, কাঠের বাটাম, হোগলা পাতা, শুকনো ডালপালা, কাপড়, পাট ও ডোকরার মূর্তি ও ফাইবারের বিভিন্ন মডেল দিয়ে। বাংলার প্রায় সমস্ত রকমের হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের নিদর্শন ফুটে উঠছে ওই মণ্ডপে। এই মণ্ডপের নানান কারুকার্য ও শিল্পকলা ফুটিয়ে তুলছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। তাঁর নিখুঁত শিল্পকর্ম ও অভিনব পরিকল্পনায় মণ্ডপ সেজে উঠছে। তার সঙ্গে রয়েছে অত্যাধুনিক আলোকসজ্জা।

Advertisement

পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবি দত্ত ও সভাপতি রামকৃষ্ণ মুখোপাধ্যায় জানান, এবার আমাদের পুজো ৩৮তম বর্ষে পদার্পণ করেছে। বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। পশ্চিম বাংলার সেই হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলবন্ধনে আমাদের দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠছে। মণ্ডপের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমাও গড়ছেন শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। বিখ্যাত শিল্পীর পরিকল্পিত মণ্ডপ এবছর দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলেই আমরা আশাবাদী। দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও আশপাশের জেলা থেকে বহু দর্শনার্থী আমাদের মণ্ডপে আসেন। পুজোর আগে থেকেই অনেকে মণ্ডপে ভিড় করেন। আর পুজোর চারদিন হাজার হাজার দর্শনার্থী মণ্ডপ ও প্রতিমা দর্শন করেন। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে চতুরঙ্গ ময়দানে মনোরম পরিবেশে দূর-দূরান্তের দর্শনার্থীরা বসে বিশ্রাম নেন। আমাদের পুজোকে কেন্দ্র করে ছোট মেলাও বসে।এবছরও পুজোকে কেন্দ্র করে পঞ্চমী থেকেই সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান থাকছে। সেখানে নামীদামি সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান মঞ্চ মাতাবেন। গত বছর গুজরাতের নীলকণ্ঠ ধাম মন্দিরের আদলে মণ্ডপ দর্শনার্থীদের মুগ্ধ করেছিল। বহুবার আমাদের থিম সেরার সেরা পুরস্কার পেয়েছে। আমরা বিশ্ববাংলার পুরস্কারও পেয়েছি। এছাড়াও পুজো কার্নিভালেও প্রথম স্থানের অধিকারী হয়েছি। এবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গবাবুর তৈরি মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে মনে করছি।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ