নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংসদ ও রাজ্য বিধানসভাগুলিকে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কেন্দ্রীয় প্রকল্পে (নেভা) এবার শামিল হল পশ্চিমবঙ্গ। এর মাধ্যমে সবাই বিধানসভার যাবতীয় তথ্য এবং অধিবেশনের লাইভ স্ট্রিমিং অনলাইনে জানতে ও দেখতে পারবেন। বিধানসভার কাজকর্ম ‘পেপারলেস’ হবে। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পূর্বতন সরকারের সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে এই অনুষ্ঠানে যোগ দেন সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং মন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী ও সরকারি আধিকারিকরা। ‘মউ’ স্বাক্ষর অনুষ্ঠানে দিল্লিতে ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য বিধানসভায় পাঁচবছর বিরোধী দলনেতা থাকাকালে ১১ মাস তাঁকে সাসপেন্ড করে বিধানসভা চালানো হয়েছে। পূর্বতন সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ডিজিটাল ব্যবস্থা করা হয়নি। সেখানে ভোটাভুটি এখনো কাগজেই হয়, ইলেকট্রনিক যন্ত্রে নয়! অধিবেশনের ‘লাইভ স্ট্রিমিং’ হয় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে নিজের পেজে লাইভ স্ট্রিমিং করতেন। কেন্দ্রীয় প্রকল্পটি রাজ্যে আগে চালু না-হওয়ায় রাজ্যের মানুষের ক্ষতি হয়েছে। পূর্বতন সরকার কোনো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতে দিত না।



