Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার পুজোয় বাজার মাতাচ্ছে সুরাটের ঘুঙরু, ফুলিয়ার ঢাকাই কাটদানা শাড়ি

আধুনিকতার প্রভাব থাকলেও বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে মহিলাদের সাজ এখনও পূর্ণতা পায় শাড়িতে

এবার পুজোয় বাজার মাতাচ্ছে সুরাটের ঘুঙরু, ফুলিয়ার ঢাকাই কাটদানা শাড়ি
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: আধুনিকতার প্রভাব থাকলেও বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে মহিলাদের সাজ এখনও পূর্ণতা পায় শাড়িতে। তার রেশ ধরে রায়গঞ্জের মহিলাদের কাছে এবার সুপারহিট সুরাটের ‘ঘুঙরু’ শাড়ি। গত বছর হ্যান্ডপ্রিন্ট তসর সিল্ক শাড়িতে নজর থাকলেও এবছর জনপ্রিয় সুরাটের এই ফ্যান্সি শাড়ি। সেইসঙ্গে বাজার কাপাচ্ছে ফুলিয়ার ঢাকাই ‘কাটদানা’ শাড়ি। আবার কাশ্মীরি কারুকার্যে সজ্জিত পিওর শিফন শাড়ি, গুজরাটের গাজ্জি সিল্ক, সফট টিস্যুর মধ্যে কাস্টমাইজ করা শাড়ির মতো নিত্যনতুন ট্রেন্ডি শাড়ি থাকলেও, এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঘুঙরু শাড়ি।  চাহিদা অনেক বেশি। চাহিদা মতো যোগান দিয়ে উঠতে পারছেন না বিক্রেতারা। এক লট শেষ হতেই আরেক লট আনাতে হচ্ছে! এদিকে চাহিদা তুঙ্গে থাকায় খুশি বিক্রেতারা। তাঁদের বক্তব্য, সমাজমাধ্যমে ভাইরাল  শান্তিপুর ফুলিয়ার ঢাকাই কাটদানা শাড়ি, সুরাটের ঘুঙরুর মতো শাড়িগুলো যেভাবে সাড়া ফেলেছে তাতে অন্যান্য রকমারী শাড়ি এগুলোর কাছে তুলনামূলক ভাবে ফিকে হয়ে গিয়েছে। 

Advertisement

অনেকেই বলছেন, রাজ্যের শিল্পকর্মের মধ্যে এবার দুর্গাপুজোয় অন্যতম শান্তিপুর ফুলিয়ার ঢাকাই কাটদানা শাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে। যা এবার গৃহবধূদের কাছে অন্যতম আকর্ষণ। একইভাবে সুরাটের নেটের উপর কারুকাজ করা ঘুঙরু শাড়ি বেশ জনপ্রিয় হয়েছে।
শহরের বিদ্রোহী মোড় সংলগ্ন এক বিপণীর কর্ণধার বিকাশ আগরওয়াল বলেন, ঘুঙরু শাড়ির প্রধান বিশেষত্ব হল এটি নেটের উপর কারুকার্য করা। শাড়িটির সঙ্গে রেডি টু ওয়্যার ব্লাউজ রয়েছে। এবার পুজোয় মহিলাদের কাছে এর বিপুল চাহিদা রয়েছে।
প্রতিবছর পুজোয় রকমারি পোশাকের তালিকা তৈরি করেন মহিলারা। তাতে অষ্টমীর জন্য ট্রেন্ডি শাড়ি সংগ্রহের চেষ্টা থাকে তাঁদের। সেই তালিকায় ফুলিয়ার ঢাকাই কাটদানা, সুরাটের ঘুঙরুর মতো শাড়ি শুধু নয় রয়েছে ব্যাঙ্গালুরুর রংকাট সিল্ক, পজিশন, কাস্টমাইজ করা পিওর শিফন খাড্ডি, বেনারসের কাস্টমাইজ করা মসলিন কারদানা শাড়ি। এছাড়াও  বিশ্ববাংলা, সুরাতের সিল্ক থেকে শুরু করে ক্রানচি, টিস্যু বা অর্গ্যাঞ্জা, ব্রোকেট, মটকা, স্বর্ণচুরি, কটকি শাড়ি মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে বলে জানান রায়গঞ্জের শাড়ি বিক্রেতারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ