নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: থিমের লড়াইয়ে ঢুকে পড়ল ইলিশও। জলের রুপোলি শস্যকে বাঁচানোর বার্তা দিতে ডায়মন্ড হারবারের নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সবার প্রিয় এই মাছকে থিম করেছে। নাম, ‘বহমান’। ইলিশ সহ নদী ও সমুদ্রে ক্রমশ বিলুপ্ত হতে থাকা মাছের খবরাখবর তুলে ধরা হবে মণ্ডপে। উদ্যোক্তারা জানান, বছরের পর বছর ধরে খোকা (ছোট) ইলিশ ধরার প্রবণতা চলছে। ফলে মাছ বড় হতে পারে না। প্রজনন কমে আসছে। ধীরে বিপন্ন হয়ে পড়ছে ইলিশ। ফলে বাজারে জোগান কমছে। দামও বাড়ছে। ভবিষ্যৎ বিপন্ন। মৎসজীবীরা বড় ইলিশ প্রায় পানই না। ইলিশ রক্ষায় দায়িত্ব সবাইকে নিতে হবে। সে বার্তাই দেওয়া হয়েছে থিমের মাধ্যমে। সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জীবিকা, জীবনযাপন, লড়াই ইত্যাদি তুলে ধরা হবে। বিভিন্ন ধরনের ছবি, হাতে আঁকা চিত্র ইত্যাদি থাকবে প্যান্ডেলে। পুজো কমিটির কোষাধ্যক্ষ দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে দর্শনার্থীরা মাছ ধরার জাল, ছোট নৌকা প্রভৃতি দেখতে পারবেন। থিম ও সাবেকিয়ানার মিশেলে তৈরি হচ্ছে প্রতিমা। চতুর্থীর দিন উদ্বোধনের পরিকল্পনা। এবার ৫৮ বর্ষে পা দিল পুজো। ডায়মন্ড হারবার পূরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবার হীরক জয়ন্তী বর্ষ। তাদের এবারের থিম অজন্তা ইলোরা গুহা। সেখানে যে স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি আছে সেসব ফুটিয়ে তোলা হবে মণ্ডপসজ্জায়। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত এই জায়গাটির ঐতিহ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির তিন সম্পাদক। খুঁটিনাটি বহু কাজ করার জন্য জুন মাস থেকে শিল্পী ও কারিগররা নেমে পড়েছেন। প্রতিমা থিম ও সাবেকিয়ানার ছোঁয়ায় তৈরি করা হচ্ছে। এবার পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। দ্বিতীয়ার দিন উদ্বোধনের পরিকল্পনা।



