সংবাদদাতা, মালদহ: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরে এবার দীনদয়াল উপাধ্যায়। ভারতীয় জনসংঘের প্রাক্তন সভাপতি দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে মালদহ জুড়ে কর্মসূচি নিচ্ছে বিজেপি। দলের এই প্রাক্তন সভাপতির স্মৃতি বাংলা তথা মালদহের জনমানসে আরও বেশি জাগিয়ে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। মালদহের দু’টি সাংগঠনিক জেলার বুথ স্তর পর্যন্ত নেতা-কর্মীদের দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিন ধরে এই কর্মসূচি চলবে বলে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
মালদহ দক্ষিণ জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদের পথিকৃৎ ছিলেন। আমাদের সংগঠনের প্রাথমিক অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি ভারতীয় জনসংঘকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন। তাই তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের জনগণই ছিলেন দীনদয়াল উপাধ্যায়ের ধ্যানজ্ঞান।
জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে সাত দিন মালদহ জুড়ে সমর্পণ এবং অন্ত্যোদয় সপ্তাহ পালন করবে বিজেপি।
সমাজের প্রান্তিক মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রকৃতি এবং মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সহ একাধিক শিবির অনুষ্ঠিত হবে।
দীনদয়াল উপাধ্যায়ের ছবির পাশাপাশি তাঁর জীবন ও দর্শন মানুষের কাছে তুলে ধরা হবে।
অজয় গঙ্গোপাধ্যায় আরও বলেন, বামপন্থীরা মার্ক্স, লেনিনের মতো বিদেশি ব্যক্তিদের কথা বলে। উল্টো দিকে আমরা দেশের মহান সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়দের কথা এবার মানুষের সামনে তুলে ধরব। কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল তাঁদেরকে ভুলিয়ে দিতে চেয়েছিল। আমরা তাই মানুষকে বলব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের ভারতের গঠনে সুবিশাল অবদানের কথা।