Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

এবার বাংলার প্রকল্পে মিলবে পর্যাপ্ত বরাদ্দ

আর এক হাজার টাকা নয়। বাস্তবায়নের কাজে গতি এলে এবার বিভিন্ন রেল প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেতে চলেছে বাংলাও। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।

এবার বাংলার প্রকল্পে মিলবে পর্যাপ্ত বরাদ্দ
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর এক হাজার টাকা নয়। বাস্তবায়নের কাজে গতি এলে এবার বিভিন্ন রেল প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেতে চলেছে বাংলাও। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সরকারি সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন আটকে থাকার পর যেভাবে কলকাতায় চিংড়িঘাটা মেট্রো প্রকল্প রূপায়ণের কাজ শুরু হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রকল্পের অগ্রগতিতে অত্যন্ত খুশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। এমন প্রেক্ষাপটেই জানা যাচ্ছে, রাজ্যের থমকে থাকা অন্যান্য রেল প্রকল্প নিয়েও রিপোর্ট চাইছে মোদি সরকার। সেইমতো ২০২৭-২৮ আর্থিক বছরে রেলের ‘পিঙ্ক বুকে’ই বাংলার জন্য বিপুল বরাদ্দের প্রতিফলন দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। 

Advertisement

রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার বারবার অভিযোগ করেছে, বিশেষত রেল প্রকল্পে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র। রেলের একাধিক প্রকল্পে নামমাত্র বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে সাধারণ অন্তর্বর্তী বাজেট পর্যন্ত রেলের পিঙ্ক বুক প্রকাশ্যে এনেছে মোদি সরকার। সেইসময় দেখা গিয়েছে, বাংলায় এমন বহু রেল প্রকল্প রয়েছে, যেগুলিতে আক্ষরিক অর্থেই মাত্র এক হাজার টাকা বরাদ্দ হয়েছে। সেইসময় রেলমন্ত্রকের যুক্তি ছিল, পশ্চিমবঙ্গের প্রকল্পগুলির বাস্তবায়নের গতি অত্যন্ত শ্লথ। ওইসব ক্ষেত্রে ঢিমেতালে কাজ চলছে। কারণ প্রকল্পের কাজে গতি আনতে হলে জমি জট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্য সরকারের সহযোগিতা দরকার। কিন্তু রাজ্য তা করছে না। এর ফলে নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলিকে চালু রাখা হয়েছে শুধু। রাজ্য সংকট কাটাতে উদ্যোগী হলে প্রকল্পে বাজেট বরাদ্দের পরিমাণও বৃদ্ধি পাবে। 
মেট্রো প্রকল্পগুলি ছাড়া আরও যেসব রেল প্রকল্প বাংলায় বিভিন্ন কারণে থমকে রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম কয়েকটি হল নবদ্বীপঘাট-নবদ্বীপ ধাম নিউ লাইন, নৈহাটি-রানাঘাট থার্ড লাইন, কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নিউ লাইন, চন্দনপুর শক্তিগড় ফোর্থ লাইনের মতো একাধিক প্রকল্প। তারকেশ্বর-বিষ্ণুপুর নিউ লাইনের মতো প্রকল্প প্রশাসনিক কারণে এতদিন থমকে রয়েছে। এই তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল লাইন। প্রশাসনিক জটিলতা কাটলে এইসব প্রকল্পেই বাড়বে বরাদ্দ।

Advertisement
সম্পর্কিত সংবাদ