কাসগঞ্জ (উত্তরপ্রদেশ): মহিলাদের সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবিই সার। উত্তরপ্রদেশে গণধর্ষণের ঘটনায় লাগাম নেই। বারাণসীতে দ্বাদশের এক ছাত্রীকে টানা এক সপ্তাহ ধরে ২৩ জনে মিলে ধর্ষণের ঘটনায় শোরগোল তুঙ্গে। তারই মধ্যে আরও এক ন্যক্কারজনক ঘটনা ঘটল কাসগঞ্জ জেলায়। পুলিস জানিয়েছে, হাজারা খালের ধারে নাদ্রাই অ্যাকুইডাক্ট পিকনিক পয়েন্টে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসেছিলেন এক তরুণী। প্রকাশ্য দিবালোকে তাঁকে সেখান থেকে টেনে হিঁচড়ে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। ওই ঘরের বাইরেই নির্যাতিতার বাগদত্তা প্রেমিককে আটকে বেদম মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।



