Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শল্য চিকিৎসক নেই তেহট্ট হাসপাতালে, বন্ধ অস্ত্রোপচার, নার্সিংহোমে ছুটতে হচ্ছে রোগীদের

প্রায় ছ’ মাস ধরে তেহট্ট মহকুমা হাসপাতালে নেই শল্য চিকিৎসক।  ঘুরে যেতে হচ্ছে রোগীদের। হচ্ছে না কোনও অপারেশন।

শল্য চিকিৎসক নেই তেহট্ট হাসপাতালে, বন্ধ অস্ত্রোপচার, নার্সিংহোমে ছুটতে হচ্ছে রোগীদের
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট:  প্রায় ছ’ মাস ধরে তেহট্ট মহকুমা হাসপাতালে নেই শল্য চিকিৎসক।  ঘুরে যেতে হচ্ছে রোগীদের। হচ্ছে না কোনও অপারেশন। ফলে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, তেহট্ট মহকুমার চারটি ব্লক ছাড়াও মুর্শিদাবাদ জেলার একাংশের মানুষ তেহট্ট মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল। সেখানে এতদিন পর্যন্ত অভিষেক দে নামে একজন মাত্র জেনারেল সার্জেন ছিলেন। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার তিনি আউট ডোর করতেন আর মঙ্গল ও বুধবার অপারেশন করতেন। 

Advertisement

জানা গিয়েছে, গত বছরের অক্টোবরে অভিষেক দেকে ৭২ ঘণ্টার ‘অন কল’ ডিউটি দেওয়া হয়। যা মানা সম্ভব নয়, বলে দাবি করেন ওই চিকিৎসক। সেই সঙ্গে আউট ডোর ও অপারেশন থিয়েটারের পরিকাঠামো ঠিক নেই বলে স্বাস্থ্যদপ্তর ও সুপারের কাছে অভিযোগ জানান। তারপর অনির্দিষ্ট কালের ছুটির আবেদন করে হাসপাতালে যাওয়া বন্ধ করে দেন। ‌
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাঁর ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় তাঁকে বেশ কয়েক বার কাজে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি কাজে যোগ দেননি, কোনও যোগাযোগও করেননি। এতে সমস্যায় পড়েছেন এলাকার গরিব মানুষরা। হাসপাতালে অপারেশন শুরু হয়েছিল বলে তাঁরা খুশি হয়েছিলেন। কিন্তু সে খুশি বেশিদিন স্থায়ী হল না। এখন তাঁদের বাইরে থেকে অপারেশন করাতে হচ্ছে। এই রকম এক ভুক্তভোগী বলেন, আমাদের বাইরে থেকে অপারেশন করানোর ক্ষমতা নেই। হাসপাতালের ডাক্তার দেখে তারিখ দিয়েছিলেন। এসে শুনি তিনি আর হাসপাতালে আসেন না। কী করব বুঝতে না পেরে ধারদেনা করে বাইরে থেকে অপারেশন করাই। তিনি বলেন, হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের মতো গরিব মানুষ বিপদে পড়ছেন। অবিলম্বে হাসপাতালে একজন সার্জেন ডাক্তার দেওয়া উচিত।  
হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, আগের শল্য চিকিৎসক কোনও রকম আবেদন ছাড়াই হাসপাতালে আসা বন্ধ করেছিলেন। আমরা তাঁকে কাজে যোগ দিতে বললেও তিনি যোগ দেননি। স্বাস্থ্যভবনে একজন শল্য চিকিৎসক দেওয়ার আবেদন করেছি। স্বাস্থ্যভবন এক শল্য চিকিৎসক সহ পাঁচ জন চিকিৎসক দিয়েছে। তাঁদের মধ্যে চারজন যোগ দিয়েছেন। শল্য চিকিৎসক যোগ দেননি। তবে যে কোনও সময়ে উনি কাজে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ