সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের প্রধান বাণিজ্য কেন্দ্র হল কামাখ্যাগুড়ি। কিন্তু এখানে নেই বাস টার্মিনাস। নির্দিষ্ট কোনও স্ট্যান্ড না থাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস সহ অন্যান্য যানবাহন। কামাখ্যাগুড়িতে একটি বাস টার্মিনাস তৈরির দাবি দীর্ঘদিনের। সেই দাবি আজও অধরা।
অভিযোগ, বামফ্রন্ট সরকারের আমলে যেমন এই সমস্যার সমাধান হয়নি, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসর সরকারের আমলেও সমস্যা থেকেই গিয়েছে। এই পরিস্থিতিতে দাবি উঠেছে, কামাখ্যাগুড়িতে একটি বাস টার্মিনাস তৈরির। স্থানীয়রা বলছেন, বাস বা অন্যান্য যানবাহন দাঁড়ানোর নির্দিষ্ট কোনও স্থান না থাকার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। বাস টার্মিনাস তৈরি হলে এই সমস্যার সমাধান হতো।
বিষয়টি নিয়ে কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, অতীতে সমিতির পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে বাস টার্মিনাস তৈরির দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। আমরা চাই, দ্রুত কামাখ্যাগুড়িতে বাস টার্মিনাস তৈরি করা হোক।
স্থানীয় বাসিন্দা রওশন আলি, বিমল সরকার প্রমুখ বলেন, কামাখ্যাগুড়িতে একটি বাস টার্মিনাস তৈরি খুবই জরুরি। কেননা, দীর্ঘদিন থেকে রাস্তা উপর বাস সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠা-নামা করায়। ফলে যানজটের সৃষ্টি হয়। আমরা আশাবাদী, খুব দ্রুত এই বিষয়ে সরকার উদ্যোগী হবে।
কামাখ্যাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রসূন দত্ত বলেন, কামাখ্যাগুড়িতে বাস টার্মিনাস তৈরির দাবি যথার্থ। কিন্তু পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। বিষয়টি পঞ্চায়েতের সভায় আলোচনা করা হবে। জেলা পরিষদ এবং জেলা প্রশাসনকেও এই বিষয়ে জানানো হবে। আমরা সবসময়ই উন্নয়নের পক্ষে।