নয়াদিল্লি: ট্রাম্পের চাপে ‘বন্ধু’ মোদির আত্মসমর্পণ। শেষমেশ ইরানের চাবাহার বন্দর থেকে পিছু হটতে চলেছে ভারত। রবিবার বাজেট পেশের পর যেন সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল। কারণ মোদি সরকারের বাজেটে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে কোনোরকম বরাদ্দ করা হয়নি। বিশেষজ্ঞদের কথায়, এর জন্য দায়ী ইরান ও আমেরিকার আদায়-কাঁচকলায় সম্পর্ক। ইরানের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরেই ইরানের উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে যে দেশগুলির, সম্প্রতি তাদের বিরুদ্ধেও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অগত্যা চাপে পড়ে ভারতের এই পদক্ষেপ। চাবাহার নিয়ে যাবতীয় পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে।



