আমেরিকায় আটক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য
  • ৭ নভেম্বর, ২০২৬ ১৪:৫৮
Prefer us on Google

নয়াদিল্লি, ৭ নভেম্বর: বড়ো সাফল্য। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আটক করা হল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কুখ্যাত গ্যাংস্টার হরিচাঁদ জাট ওরফে হরি বক্সারকে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এবং হরিয়ানা পুলিশের এসটিএফের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তাকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

Advertisement

মুম্বইয়ে বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার পর থেকেই হরি বক্সারের গতিবিধির উপর নজর রাখছিল ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি। এইবার তাকে দেশে ফেরাতে সিবিআইয়ের মাধ্যমে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে। অভিযোগ, রোহিত শেট্টি, তুষার কাপুর ও রণবীর সিংয়ের মতো তারকাদের সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হুমকি দিয়েছিল বক্সার। কানাডায় অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানোর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলি চালানোর দায়ও সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছিল সে। অভিনেতা টাইগার শ্রফকে নিশানা করে গুলি চালানোর ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা হরি বক্সার ২০২২ সালে আমেরিকায় পালিয়ে যায়। বিদেশে বসেই বিষ্ণোই গ্যাংয়ের তোলাবাজি নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিত বলে অভিযোগ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১০টিরও বেশি মামলা রয়েছে।