নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাশু’ পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গেলেও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আকাশ মেঘলা হয়েছে সোমবার। কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। দমদমে সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ বুধবারও দক্ষিণবঙ্গের কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ দখিনা বাতাস ও শুষ্ক পশ্চিমি বাতাসের সংঘাতে কিছু জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। সপ্তাহের শেষে কালীপুজোর আশপাশে কয়েকদিন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। ওইসময় দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ওইসময় বেশি মাত্রায় বৃষ্টি হবে এমনটা আপাতত মনে হচ্ছে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর গত সপ্তাহে দীর্ঘকালীন পূর্বাভাসে ইঙ্গিত দিয়েছে, ৬ নভেম্বরের পর আন্দামান সাগর-বঙ্গোপসাগরে একটি ঘূণাবর্ত তৈরি হতে পারে। এটির গতিপ্রকৃতি কেমন হবে সেই ব্যাপারে চলতি সপ্তাহে আবহাওয়া দপ্তর বিস্তারিতভাবে জানাবে।
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কোথায় কোথাও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর কয়েকদিন পুরো উত্তরবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে।



