নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমায় ১১৭টি ভোটগ্রহণ কেন্দ্র বাড়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া চারটি বিধানসভাতেই বুথ বাড়তে পারে। বৃহস্পতিবার এনিয়ে সর্বদলীয় বৈঠক করে আরামবাগ মহকুমা প্রশাসন। সেই বৈঠকে আরামবাগের মহকুমা শাসক রবি কুমার সহ অন্যান্য বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ইআরও-রা ছিলেন। এছাড়া বিভিন্ন দলের প্রতিনিধিরাও হাজির ছিলেন। মহকুমা শাসক তথা আরামবাগের ইআরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর ভোটার সংখ্যার হেরফের হয়েছে। ১২০০-র বেশি ভোটার রয়েছে এমন বুথগুলিকে বিন্যাস করা হয়েছে। তার জেরে নির্বাচন কমিশনের নির্দেশমতো সংশ্লিষ্ট বুথগুলিকে ভাগ করা হয়েছে। এদিন সব রাজনৈতিক দলকে তার তথ্য জানানো হয়েছে।



