সংবাদদাতা, বারুইপুর: জলের পাইপ লাইন তৈরির কাজ হয়ে গিয়েছে। কিন্তু জলাধার তৈরি হয়নি। একটাও চেয়ার-টেবিল আসেনি। কোনও শয্যা নেই। এসব কারণে এক বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়েও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সুসজ্জিত সুস্বাস্থ্য কেন্দ্রটি। এর ফলে গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়নি। ফলে তাঁদের ক্ষোভ বেড়েই চলেছে। বারুইপুর ব্লকের শঙ্করপুর এক নম্বর পঞ্চায়েতের দাদপুরে সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু না হওয়ায় সবাই ক্ষুব্ধ।
কবে চালু হবে কেন্দ্রটি? পঞ্চায়েত প্রধান পূর্ণিমা নস্কর বলেন, ‘এ বিষয়ে বারুইপুর ব্লক অফিসে জানানো হয়েছিল। সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে জলের বুস্টার পাম্প আছে। কিন্তু রিজার্ভারের প্রয়োজন। সে কাজ হয়নি বলেই চালু করা যায়নি।’ বারুইপুর ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’ দোতলা ভবন বিশিষ্ট এই কেন্দ্রটি রয়েছে দাদপুর মৌজায়। তা চালু হলে উপকৃত হবে এই পঞ্চায়েতের দাদপুর এক, দুই, কাঁঠালবেড়ে এক ও দুই, দত্তের ভাগ, মির্জাপুর ইত্যাদি এলাকার মানুষ। এখন সামান্য চিকিৎসা পেতেও মানুষকে প্রায় নয় কিলোমিটার দূরে বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটতে হয়। গ্রামবাসীরা বলেন, এক বছরেরও বেশি সময় ধরে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয়ে পড়ে রয়েছে। চালু বিষয়ে প্রশাসনের কোনও হেলদোলই নেই। স্বাস্থ্যকেন্দ্রে এখনও বসার কোনও ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে চালুর চেষ্টা করা হলেও আদপে কাজ হয়নি। অবিলম্বে কেন্দ্রটি চালু করতে হবে।