• বাংলা থিয়েটারের নতুন দিগন্ত। থিয়েটারের জন্য আসছে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম। জিটিপিএল ও কেসিবিপিএল গ্রুপের উদ্যোগে মঞ্চ এবার হাতের মুঠোয়। অ্যাপের মাধ্যমেই বাংলার থিয়েটার দেখার সুযোগ পাবেন দর্শক। সিনেমা, ওয়েব সিরিজের মতোই ওটিটি প্ল্যাটফর্মে থিয়েটারের স্বাদ পাওয়া যাবে। এ বিষয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা তথা নাট্য ব্যক্তিত্ব পৌলমী বসু বলেন, ‘এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এর মাধ্যমেই থিয়েটার আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে, সহজেই। থিয়েটার কর্মীদের কাজের মূল্যায়নও হবে।’ তিনি জানান, এই ওটিটি প্ল্যাটফর্মে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি আলাদা বিভাগ রাখা হয়েছে। তাঁর কথায়, ‘বাবা মুম্বইয়ের কাজের অফার ছেড়েছিলেন। বলেছিলেন, মুম্বইতে কাজ করলে আমার থিয়েটার করা, কবিতা লেখা বন্ধ হয়ে যাবে। তবে এমন উদ্যোগের মাধ্যমে তাঁকে যথাযথ সম্মান দেওয়া যাবে। এছাড়াও হাতের মুঠোয় ওটিটিতে সকলে থিয়েটার দেখতে পেলে সার্বিকভাবে থিয়েটারের পরিধি বৃদ্ধি পাবে।’ পাশাপাশি মঞ্চে অভিনীত যুগান্তকারী থিয়েটারগুলি সংরক্ষণ করা যাবে বলেও মত উদ্যোক্তাদের।



