Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু বিশ্বকাপ, নাচে গানে মাতাবেন শাকিরা-নোরা

আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা ও নোরা ফাতেহি। বিস্তারিত জানুন।

আজ শুরু বিশ্বকাপ, নাচে গানে মাতাবেন শাকিরা-নোরা
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: অপেক্ষা আর কয়েক ঘণ্টার। বৃহস্পতিবার মাঝরাতে ঢাকে কাঠি পড়তে চলেছে বিশ্বকাপ ফুটবলের। আগামী ৬ সপ্তাহ সবার ফোকাসই থাকবে উত্তর আমেরিকায়। এই প্রথমবার ৩টি দেশে হচ্ছে বিশ্বকাপ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় খেলবেন ৪৮ দেশের মোট ১২৪৮ ফুটবলার। শুধু তাই নয়, ৩ দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪ ম্যাচ। এত বেশি দেশ, এত ম্যাচ— সবই প্রথমবার। 

Advertisement

তাৎপর্যের হল, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩টি দেশে। এটাও প্রথমবার। এতদিন ধরে উদ্বোধনী অনুষ্ঠান একটিই হত। কিন্তু এবার ব্যতিক্রম। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। তার আগে সেখানে পারফর্ম করবেন শাকিরা। থাকবে গ্র্যামি পুরস্কার জয়ী মেক্সিকান পপ ব্র্যান্ড মানা। কানাডার টরন্টোয় অন্যান্যদের সঙ্গে দেখা যাবে নোরা ফাতেহিকে। বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয়কেও দেখা যাবে এই অনুষ্ঠানে। আমেরিকার লস এঞ্জেলসে আবার গ্যালারি মাতাবেন কেটি পেরি। 
সাধারণ ফুটবলপ্রেমীর কাছে এই বিশ্বকাপ অবশ্য রীতিমতো কঠিন। টিকিটের দাম চড়া। অনেকেরই যা নাগালের বাইরে। তবে এবারের আসর ফের লায়োনেল মেসির বিশ্বকাপ হয় কি না, তা নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে। কোনো সন্দেহ নেই, এলএমটেন-ই এবারের সেরা ক্রাউডপুলার। নীল-সাদা জার্সিতে তাঁর খেতাবরক্ষার অভিযানেই চোখ সবার। আর্জেন্তিনা দলটাও শক্তিশালী। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার অধরা মাধুরী জয়ের জন্য তৈরি। বিশ্বকাপ না জিতলে সেরাদের বন্ধনীতে জায়গা মেলে না, অজানা নয় তাঁর। পর্তুগাল ক্যাপ্টেন তাই মরিয়া। 
আট বছর আগে ফ্রান্সের বিশ্বকাপ জেতার নেপথ্যে বড় অবদান ছিল কিলিয়ান এমবাপের। কাতারেও ফাইনালে জ্বলে ওঠেন তিনি। কিন্তু টাই-ব্রেকারে হার মানে ফরাসিরা। এবার খেতাব উদ্ধারের লড়াই তাঁর। ব্রাজিল নামটাই আবার ফুটবলপ্রেমীদের কাছে আবেগের। সাম্বার ঝলক দেখার আশায় তাঁরা। তবে চোট সামলে নেইমার উজাড় করে দিতে পারবেন কি? সংশয় থাকছে। স্পেনের টিমগেম, জার্মানির লড়াইয়েও নজর থাকবে ফুটবলপ্রেমীদের। প্রতিবারের আসরেই উঠে আসে কোনো না কোনো ডার্ক হর্স। এবার দল অনেক বেশি। ফলে চমকের সম্ভাবনাও বেশি। অনামী দলের কাছে হেভিওয়েটদের স্বপ্ন চুরমার হওয়ার আশঙ্কা তাই থাকছেই।  
এবারের বিশ্বকাপের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। যুদ্ধের পর আমেরিকায় খেলতে আসতেই চায়নি ইরান। বাধ্য হয়ে নিমরাজি হলেও বিতর্ক থামেনি। ইরানের সাপোর্ট স্টাফদের ঢুকতে দেওয়া হয়নি মার্কিন মুলুকে। এমনকি, ম্যাচ খেলে সেদিনই আমেরিকা ছাড়ার ফতোয়া দেওয়া হয়েছে তাদের। শুধু ইরান নয়, ব্রাজিলের সঙ্গে ভিসা সমস্যাও অস্বস্তিতে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। সদ্য সোমালিয়ার রেফারিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে। তাঁর বিশ্বকাপের ম্যাচ পরিচালনার স্বপ্ন খানখান। আবেগ, উচ্ছ্বাস, রোমাঞ্চের পাশাপাশি ফুটবল বিশ্বকাপকে তাই জড়িয়ে থাকছে রকমারি বিতর্কও। সেই সব ছাপিয়েই আজ শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। সাধারণ মানুষের আবেগের উৎসব। কাউন্টডাউন বিগিনস...।

Advertisement
সম্পর্কিত সংবাদ