Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

উদয়ন গুহ গ্রেপ্তার হতেই থরহরি কম্প তৃণমূল শিবির

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হতেই কোচবিহার জেলার টিএমসি নেতাদের থরহরি কম্প শুরু হয়েছে।

উদয়ন গুহ গ্রেপ্তার হতেই থরহরি কম্প তৃণমূল শিবির
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হতেই কোচবিহার জেলার টিএমসি নেতাদের থরহরি কম্প শুরু হয়েছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাবড়তাবড় তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। এবার উত্তরবঙ্গের অতি পরিচিত মুখ উদয়ন গুহকে গ্রেপ্তার করা হতেই ছোটো-বড়ো অনেক টিএমসি নেতারই হৃদকম্প শুরু হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বহু তৃণমূল নেতা ঘরছাড়া। একসময় যারা এলাকায় দাপিয়ে বেড়াতেন তাঁদের আর দেখা যাচ্ছে না। 

Advertisement

গত সপ্তাহেই কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের বাড়িতে পুলিশি অভিযান চলে। তাঁর পিসতুতো ভাই সম্রাট কুণ্ডুর বাড়িতেও পুলিশ হানা দিয়েছিল। কোচবিহার-২ ব্লক তৃণমূল সভাপতি সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলেও অনেকেই জেলে এখনও। যে উদয়ন গুহর ছত্রছায়ায় বহু নেতা দিনহাটায় দাপিয়ে বেড়াতেন তাঁরাও অনেকে বেপাত্তা। ঠিক এই পরিস্থিতিতে খোদ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাওয়ায় প্রমাদ গুনতে শুরু করেছেন  তাঁর ঘনিষ্ঠ নেতারা। 
জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূলের প্রধানদের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে মানুষ দিনের পর দিন ধরনা দিচ্ছে। ঠিক এরই মাঝে একদা দিনহাটার দাপুটে নেতা উদয়ন ওরফে বাবন গ্রেপ্তার হয়ে যাওয়ায় বহু নেতারই রাতের ঘুম উড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল নেতাদের একাংশের দাবি, আইন আইনের পথে চলবে। 
দিনহাটার বিধায়ক বিজেপির অজয় রায় বলেন, দিনহাটার মানুষ কোনো দিনই ওঁকে অভিভাবক মানত না। প্রত্যেকে বাড়িতেই বাবা-মা আছেন। তাঁরাই তাঁদের অভিভাবক। ওঁর কিছু চ্যালাচামুণ্ডা ছিল। তারাই এগুলি প্রচার করত। লেঠেল বাহিনী ছিল ওঁর। যারা ধমকাত-চমকাত। সেই ভয়েই মানুষ মুখ খুলতে পারত না। 
সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, উদয়ন গুহ গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। দিনহাটার মানুষ অভিযোগ করেছে। পুলিশ ওঁকে গ্রেপ্তার করেছে। যারা কাটমানি খেয়েছে, অপরাধমূলক কাজ করেছে তাদেরও গ্রেপ্তার করা উচিত। দৃষ্টান্তুমূলক শাস্তি দেওয়া উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ