রবীন রায়, আলিপুরদুয়ার: পুজো মণ্ডপের থিমে আলিপুরদুয়ার জেলা সদরের শামুকতলা রোডের সুভাষপল্লি কালচারাল ক্লাব এবার অনেককেই টেক্কা দেবে। রেলের যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে রেলকে বার্তা দিতে এদের থিম— ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
রবীন রায়, আলিপুরদুয়ার: পুজো মণ্ডপের থিমে আলিপুরদুয়ার জেলা সদরের শামুকতলা রোডের সুভাষপল্লি কালচারাল ক্লাব এবার অনেককেই টেক্কা দেবে। রেলের যাত্রী সুরক্ষার বিষয়টি নিয়ে রেলকে বার্তা দিতে এদের থিম— ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
সুভাষপল্লি কালচারালের পুজো এবার ৭৫ বছরে পড়ল। দর্শকদের চমক দিতে তারা ট্রেন দুর্ঘটনাকে মণ্ডপ তৈরির থিম করেছে। বিভিন্ন মডেলের মাধ্যমে মণ্ডপে ভয়াবহ সেই দুর্ঘটনার দৃশ্য ফুটিয়ে তুলছেন শিল্পী বিদ্যাধর মহন্ত। এখন শেষ মুহূর্তের তুলির টান চলছে। প্রতিমায় অবশ্য সাবেকিয়ানার উপরেই জোর দিয়েছে এরা। প্রতিমা তৈরি করছেন নোনাইপাড়ের মৃৎশিল্পী খগেন পাল।
ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি গোপাল সরকার বলেন, ভারতে ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। ২০২৩ সালের ২ জুন বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবি আমরা তুলে ধরছি। আশা করছি, দর্শকদের এই থিম অবশ্যই ভালো লাগবে।
মণ্ডপের ভিতরে থাকছে বিভিন্ন প্রজাতির মাছ ভর্তি ১৬টি অ্যাকোয়ারিয়াম। তাতে থাকছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জঙ্গল, রিসর্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ছবি। অ্যাকোয়ারিয়ামে দেখা যাবে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প রিসর্ট, জলপাইগুড়ির সার্কিট হাউস থেকে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা। দেখা যাবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছবিও। ছবিগুলি এঁকেছেন আলিপুরদুয়ারের উত্তর মজিদখানার শিল্পী ক্ষীরেন্দ্রনাথ দাস।
মণ্ডপ চত্বর ও সংলগ্ন শামুকতলা রোড এবছরও চন্দননগরের মায়াবী আলোয় ভাসবে। ক্লাব সম্পাদক বলেন, শুধু মণ্ডপে থিমের চমক নয়। পুজো মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইফ ও পরিবেশ সচেতনতা নিয়েও নানা ধরনের সামাজিক বার্তা দেওয়া হবে। পঞ্চমীতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা হবে। অষ্টমীতে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে। নিজস্ব চিত্র।