Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজে এল না সুগার কমে যাওয়ার ‘গল্প’! স্বামীকে খুনের অভিযোগে অবশেষে ধৃত স্ত্রী

স্বামীর মৃত্যুর কারণ হিসেবে আচমকা সুগার কমে যাওয়ার ‘গল্প’ ফেঁদেছিলেন স্ত্রী

কাজে এল না সুগার কমে যাওয়ার ‘গল্প’!  স্বামীকে খুনের অভিযোগে অবশেষে ধৃত স্ত্রী
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বামীর মৃত্যুর কারণ হিসেবে আচমকা সুগার কমে যাওয়ার ‘গল্প’ ফেঁদেছিলেন স্ত্রী! কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়, শ্বাসরোধে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অবশেষে সেই রিপোর্ট সহ আরও কিছু তথ্যপ্রমাণের ভিত্তিতে স্বামীকে খুনের অভিযোগে পুলিস গ্রেপ্তার করল স্ত্রী-কে। গত ২২ জুলাই রাতে অস্বাভাবিক মৃত্যু হয় হাবড়ার পৃথিবা পঞ্চায়েতের আনোয়ারবেড়িয়া নন্দনকানন গ্রামের বাসিন্দা দীপঙ্কর মণ্ডলের।  সেই ঘটনার তদন্তে নেমে পুলিস শুক্রবার রাতে তাঁর স্ত্রী শম্পা মণ্ডলকে আটক করে। রাতভর জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্করবাবু একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। শারীরিক অসুস্থতা বলতে তাঁর সুগার ছিল। পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হতো দম্পতির। গত ২২ জুলাই মঙ্গলবার সকালে কলকাতায় কাজে যান দীপঙ্কর। রাতে বাড়িতে ফিরলেই শুরু হয় অশান্তি। অভিযোগ, স্ত্রীর মারেই অচৈতন্য হয়ে পড়েন দীপঙ্কর। তাঁর মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মৃতের পরিবার এবং প্রতিবেশীরা। স্ত্রী শম্পাকে কাঠগড়ায় তুলে তাঁর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলে। মৃতের ভাই হাবড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেন বউদির বিরুদ্ধে। তখন শম্পাদেবীর দাবি ছিল, অশান্তি চলাকালীন অত্যধিক মাত্রায় সুগার ‘ফল’ করে যাওয়াতেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। অভিযুক্ত স্ত্রীকে প্রাথমিক জেরার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হাবড়া থানা সূত্রে দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের ভাই মিলন মণ্ডল বলেন, ‘আমাদের আশঙ্কাই সত্যি হল। বউদির শাস্তি চাই।’  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ