সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: সেপ্টেম্বর মাসে শেষ হয়েছিল গণনার প্রথম পর্ব। বাড়ি শুমারির প্রক্রিয়ার মধ্যেই উঠে এসেছে রাজ্যে কত জনসংখ্যা বেড়েছে, তার একটা আভাস। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা ১০ কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার ৮২-তে পৌঁছনোর ইঙ্গিত মিলেছে। সংখ্যাটি ২০১১ সালে ছিল ৯ কোটি ২৭ লক্ষ ৬ হাজার ১১৫। অর্থাৎ, এবার ১ কোটি ৩৩ লক্ষ ৪ হাজার ৯৬৭ মানুষের সংখ্যা বৃদ্ধির আভাস মিলেছে।
ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ও শেষ পর্যায়ের গণনা হওয়ার পর এই সংখ্যা আরও স্পষ্ট হবে বলেই মনে করছেন গণনার সঙ্গে যুক্ত অফিসাররা। এখনো পর্যন্ত সবচেয়ে জনবহুল জেলা হিসাবে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। সেখানে ১ কোটি ২ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন মানুষ বসবাস করেন বলে তথ্য পেয়েছেন গণনা কর্মীরা। ২০১১ সালেও এই জেলার জনসংখ্যা ছিল সর্বোচ্চ। এদিকে, রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধির আভাস মিলেছে। ২০১১ সালের তুলনায় এবার এই দুই জেলায় ১৭ লক্ষের বেশি মানুষ বৃদ্ধির রিপোর্ট পাওয়া গিয়েছে।
এতটা বৃদ্ধির কারণ নিয়ে গণনা কর্মীদের থেকে উঠে আসা তথ্য বলছে, দুই জেলাতেই খুব কম সংখ্যক বাড়ি খালি বা তালা বন্ধ ছিল। ফলে অনেকটাই নিখুঁত তথ্য পাওয়া সম্ভব হয়েছে। শেষবারের শুমারিতে দক্ষিণ ২৪ পরগনায় জনসংখ্যা ছিল ৮১ লক্ষ ৬১ হাজার ৯৬১। সেটা এবার ৯৮ লক্ষ ছাড়িয়েছে। এদিকে মুর্শিদাবাদে ২০১১ সালের জনসংখ্যা ছিল ৭১ লক্ষ ৩ হাজার ৮০৭। সেটা এবার ৮৯ লক্ষের বেশি হওয়ার তথ্য উঠে এসেছে।
গতবারের থেকে এবার বেশকিছু জেলার জনসংখ্যার হারের বৃদ্ধি খুব বেশি হয়নি বলেই ইঙ্গিত দিচ্ছে এই গণনা। যেমন বীরভূমে এবার ৪০ লক্ষের বেশি মানুষের বসবাস করার তথ্য পাওয়া গিয়েছে। গতবার ছিল ৩৫ লক্ষের মতো। হুগলিতে ৫৫ লক্ষ থেকে বেড়ে ৫৮ লক্ষ হওয়ার ইঙ্গিত মিলেছে এবং নদীয়ায় ৫১ থেকে ৫৮ লক্ষ হয়েছে। কলকাতার ক্ষেত্রে
দেখা যাচ্ছে, এখানে ২০১১ সালে ৪৪ লক্ষ ৯৬ হাজার ৬৯৪ জন বাসিন্দা ছিলেন। সেই সংখ্যা এবার ৪৫ লক্ষ ৯ হাজার ৯১৭-তে পৌঁছানোর আভাস মিলছে।
এক্ষেত্রে বৃদ্ধি এত কম কেন? অফিসাররা জানাচ্ছেন, ১২ লক্ষ বাড়ির মধ্যে লাখ তিনেক বন্ধ ও খালি রয়েছে। এই সংখ্যা কিছুটা কম হলে আরও মানুষের সঠিক তথ্য পাওয়া যেত। আর একটি বিষয় হল, মুর্শিদাবাদের মতো আন্তর্জাতিক সীমানা লাগোয়া জেলা মালদহেও এবার উল্লেখযোগ্যভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার রিপোর্ট উঠে এসেছে। ২০১১ সালে এই জেলায় যেখানে ৩৯ লক্ষ ৮৮ হাজার ৮৪৫ জন মানুষ বসবাসের তথ্য পাওয়া গিয়েছিল, সংখ্যাটি এবার প্রথম পর্বের পর ৫১ লক্ষাধিক! জনসংখ্যা ছাড়াও গণনায় উঠে এসেছে রাজ্যে ৩ কোটি ৬৮ লক্ষাধিক বাড়ির তথ্য, যার মধ্যে ২৪ লক্ষের বেশি ছিল তালাবন্ধ ও খালি।



