নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে এবার গঙ্গার দু’পাড় সাজানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ায় গঙ্গার পাড় বরাবর গড়ে উঠবে আধুনিক রিভারফ্রন্ট। পাশাপাশি ডায়মন্ডহারবার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালানোর প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরকে পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। একই সঙ্গে নদীর উপর দিয়ে একটি হাইওয়ে এবং নদীর তীরে সৌন্দর্যায়ন, ওয়াকওয়ে এবং সাইকেল বে তৈরির প্রস্তাবও কেন্দ্রকে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা, ব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনও স্থির হয়নি। রেল, বন্দর, পূর্ত ও পরিবহণ দপ্তরের মতো একাধিক সংস্থাকে যুক্ত করে এই কাজে এগনোর কথা জানিয়েছেন মন্ত্রী।
এদিন নগরোন্নয়ন ভবনে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশনের (এনবিসিসি) সঙ্গে ন’টি প্রকল্পে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের পর এই পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমরা নদীর সামনের দিকের অংশ মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য, আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা। আর ব্যাংককের আদলে হবে হকার পুনর্বাসন।’ তবে মেরিন ড্রাইভ ও ব্যাংককের প্রসঙ্গ টানলেও তাঁর স্পষ্ট কথা, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো কলকাতাকে লন্ডন তৈরির কথা বলছি না। একটি শহরকে বদলে আরেকটি শহর করা যায় না। যেখানকার যা যা ভালো, আমরা সেগুলি বাস্তবায়িত করার চেষ্টা করছি।’
এনবিসিসির সঙ্গে স্বাক্ষরিত ন’টি সমঝোতাপত্রের মধ্যে রয়েছে কলকাতার কলেজ স্ট্রিট ও ট্যাংরার চায়না টাউনের উন্নয়ন, চন্দননগরে নদীপাড়ে সৌন্দর্যায়ন, বর্ধমান পুরসভা এলাকায় সরকারি আবাসন নির্মাণ, বিভিন্ন শহরে গণশৌচাগার নির্মাণ এবং কলকাতা, হাওড়া ও বর্ধমানে হকার জোনের পরিকল্পনা। পাশাপাশি কলকাতায় বস্তিবাসীদের পুনর্বাসন এবং হাওড়া ও কলকাতায় গঙ্গাপাড়ের উন্নয়নও রয়েছে এই তালিকায়। আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসাবে নবদ্বীপ ও মায়াপুরে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও করা হয়েছে।
হকার পুনর্বাসনের ক্ষেত্রে ব্যাংককের মডেল অনুসরণের কথা জানিয়েছেন মন্ত্রী। ফুটপাতের পরিবর্তে নির্দিষ্ট জায়গায় সুসংগঠিত বাজার, ফুড কোর্ট কিংবা চলমান খাবারের গাড়ির মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরি করা যেতে পারে। এমনকি, নির্দিষ্ট সময়ের জন্য বাজার বসিয়ে ডিজিটাল ব্যবস্থায় ভাড়া সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।



