Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পালিয়েছে বোন, প্রেমিকের বাড়ি ভাঙচুর করে আগুন লাগাল দাদা, পালটা জুটল গণপিটুনি, পরে গ্রেপ্তার করল পুলিশ

পরকীয়ার জেরে বিবাহিত বোন পালিয়েছে প্রেমিকের সঙ্গে। বোনকে খুঁজে পাচ্ছে না দাদা।

পালিয়েছে বোন, প্রেমিকের বাড়ি ভাঙচুর করে আগুন লাগাল দাদা, পালটা জুটল গণপিটুনি, পরে গ্রেপ্তার করল পুলিশ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: পরকীয়ার জেরে বিবাহিত বোন পালিয়েছে প্রেমিকের সঙ্গে। বোনকে খুঁজে পাচ্ছে না দাদা। প্রতিশোধ নিতে বোনের প্রেমিকের বাড়িতে তাণ্ডব দাদার। বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সদস্য ও এলাকাবাসীরা কোনওরকমে আগুন নিভিয়ে অভিযুক্তকে বেঁধে গণপিটুনি দিয়ে বালুরঘাট থানায় খবর দেন। পুলিশ অভিযুক্তকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিত্সার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইল গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরের এসপি চিন্ময় মিত্তাল বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত অমিত মাহাতর বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুরে। কয়েকবছর আগে তার বোনের বিয়ে হয়। অমিতের বোনজামাই ভিনরাজ্যে কাজ করেন। অভিযোগ,এরই মাঝে অমিতের বোন আরেক অবিবাহিত যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পারে বধূর বাপের বাড়ির লোকজন। গত রবিবার অমিতের বিবাহিত বোন পালিয়ে যায় সেই প্রেমিকের সঙ্গে। ওই বধূর এক সন্তানও রয়েছে। তারই প্রতিশোধ নিতে অমিত এই তাণ্ডব চালায়। বোন যার সঙ্গে পালিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি গিয়ে তাণ্ডব চালায় অমিত। অভিযোগ, বাড়ির ভিতর ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। আলমারি ভেঙে দেয়। রাগে ওই বাড়িতে আগুনও লাগিয়ে দেয় সে। স্থানীয়রা তড়িঘড়ি এসে আগুন নেভান। এরপরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে খুঁটিতে বেঁধে মারধর করে। অভিযুক্ত অমিতের দাবি, আমি শুধুমাত্র বোনকে খুঁজতে গিয়েছিলাম। আমি আগুন লাগায়নি। ভাঙচুরও করিনি। ওরা আমাকে ঘরে আটকে রেখে পরে বেঁধে মারধর করেছে। যদিও ক্ষতিগ্রস্ত অনন্ত মাহাতর অভিযোগ, আমরা বাড়িতে যখন কেউ ছিলাম না, তখন অমিত এসে তাণ্ডব চালায়। বাড়ির ভিতর ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। আগুনও লাগিয়ে দেয়। প্রতিবেশীরা আগুন নেভায়। নাহলে বড় অঘটন হয়ে যেত। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। • গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়েছে যুবককে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ