Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ হচ্ছে না পরিষেবা, আপাতত সপ্তাহে একদিন, মার্চ থেকে রোজ চলবে বিমান

কোচবিহার বিমানবন্দর থেকে এখনই বন্ধ হচ্ছে না বিমান পরিষেবা। আপাতত সপ্তাহে একদিন করে এখান থেকে বিমান চলাচল করবে। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই বিমান চলার কথা।

বন্ধ হচ্ছে না পরিষেবা,  আপাতত সপ্তাহে একদিন, মার্চ থেকে রোজ চলবে বিমান
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার বিমানবন্দর থেকে এখনই বন্ধ হচ্ছে না বিমান পরিষেবা। আপাতত সপ্তাহে একদিন করে এখান থেকে বিমান চলাচল করবে। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই বিমান চলার কথা। এরপর মার্চের মাঝামাঝি থেকে  প্রতিদিন বিমান চলাচল করবে বলে জানা গিয়েছে। যে বিমান সংস্থা গত তিন বছর ধরে এখানে বিমান চালাচ্ছিল তারাই আপাতত সপ্তাহে একদিন করে এখানে বিমান চালাবে।

Advertisement

প্রসঙ্গত,যে সংস্থা এখানে বিমান চালাচ্ছিল তারা প্রায় একমাস আগে জানিয়ে দিয়েছিল ৩১ জানুয়ারির পর থেকে তারা আর কোচবিহার রুটে বিমান চালাবে না। ফলে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা উড়ান পরিষেবা বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী ও রাজনৈতিক মহল চাইছিল, এই বিমান পরিষেবা যেন বন্ধ না হয়।

কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, আপাতত সপ্তাহে একদিন করে বিমান চলাচল করবে। যে সংস্থা এখানে দীর্ঘ তিন বছর বিমান চালাচ্ছিল তারাই বিমান চালাবে বলে জানিয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে একদিন করে বিমান চালাবে তারা। এরপর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন বিমান চালাবে। প্রথম বিমান ১২ ফেব্রুয়ারি নামবে। রবিবার মেইল আসে। বিমান কম থাকার কারণে ওই সংস্থা আপাতত প্রতিদিন চালাতে পারবে না। আগের সময়েই বিমান চলাচল করবে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতার মধ্যে নয় আসনের একটি বিমান নিয়মিত চলছিল। যাত্রীদের কাছে বিমানটির চাহিদা বেশ ভালো ছিল। কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার খবরে ব্যবসায়ীদের পক্ষ থেকে তা চালু রাখার জন্য আবেদন জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকেও বিমান চালু রাখার জন্য প্রয়োজনীয় জায়গায় চিঠি করা হয়েছিল। জেলার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের কাছে বিমান চালু রাখার দাবি জানিয়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি কোচবিহারে এসে বিমানবন্দর পরিদর্শন করেন। তিনিও দাবি করেছিলেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকে আবেদন করবেন। যাইহোক আপাতত সপ্তাহে একদিন করে বিমান চলার খবরে কিছুটা হলেও স্বস্তিতে জেলার বিভিন্ন  মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ