সংবাদদাতা, ধূপগুড়ি: রাজ্যে পালাবদলের পর এবার কি তার ছাপ পড়তে শুরু করেছে সরকারি স্কুলের দেওয়ালেও? ধূপগুড়ির মাগুরমারী-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড়মাগুরমারী এসসি প্রাথমিক বিদ্যালয় ভবনে নীল-সাদার পরিবর্তে দেখা গেল গেরুয়া-সাদা রং। স্কুল সংস্কারের কাজের অংশ হিসেবে ভবনে এই রং করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্কুলভবনে নীল-সাদা রং দেখা গিয়েছিল। ধূপগুড়ির প্রাথমিক বিদ্যালয়গুলির ভবনেও দীর্ঘদিন ধরে সেই রং রয়েছে। বর্তমানে পরিবর্তনের আবহে ঝাড়মাগুরমারী এসসি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গেরুয়া-সাদা রং নজরে আসায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বসাক বলেন, জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ির বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মেরামতির কাজ চলছে। আমাদের স্কুলেও সেই সংস্কার কাজের অংশ হিসেবে ভবনে রং করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঠিকাদার সংস্থা গেরুয়া ও সাদা রং করেছে।
তবে এই রং কি শুধুমাত্র ওই স্কুলেই সীমাবদ্ধ থাকবে, নাকি ধূপগুড়ির অন্য প্রাথমিক বিদ্যালয়গুলিতেও একই রং করা হবে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ধূপগুড়ি-৩ নম্বর সার্কেলের এসআই সুদীপ বিশ্বাস বলেন, এবিষয়ে কোনো সরকারি নির্দেশিকা নেই। ওই স্কুলে জেলা পরিষদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। সেখান থেকে করা হয়েছে। অন্যদিকে, গেরুয়া-সাদা রংকে ইতিবাচক ভাবেই দেখছেন গোসাঁইরহাট বিএফপি-এর শিক্ষক ঋষিকেশ রায়। তাঁর মতে, নীল-সাদা রঙে স্কুলভবনগুলি খুব একটা চোখে পড়ত না। গেরুয়া-সাদা রং ভবনগুলিকে আরও উজ্জ্বল ও দৃশ্যমান করে তুলবে। তাঁর বক্তব্য, গেরুয়া ত্যাগের এবং সাদা সত্যের প্রতীক, এই মূল্যবোধ পড়ুয়াদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে।