নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘট সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেশের শ্রমিক স্বার্থে কোনওরকম রাজনীতিই কাম্য নয়। সিটু, আইএনটিইউসি সহ দেশের ১০টি সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের তীব্র বিরোধিতা করে শনিবার এই বিবৃতি দিয়েছে বিএমএস। সংঘ পরিবারের শ্রমিক শাখা বিএমএসের এহেন বিবৃতি আবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরকারিভাবে ‘শেয়ার’ করেছে শ্রমমন্ত্রক।
চার ‘বিতর্কিত’ শ্রম কোড আইনের প্রত্যাহার, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার মতো একাধিক দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তাদের সঙ্গেই শামিল হয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ইতিমধ্যেই এই ধর্মঘটের পক্ষে সওয়াল করেছে বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল। এই পরিস্থিতিতে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) এহেন বিবৃতি আদতে শ্রমিক সংগঠনগুলির মধ্যে বিভাজনের চেষ্টা বলেই মনে করছে সিটু, আইএনটিইউসির নেতৃত্ব। এদিনের বিবৃতিতে বিএমএস জানিয়েছে যে, শ্রম কোড আইন প্রত্যাহারের কোনও প্রাসঙ্গিকতা নেই। বরং শ্রমিক-কর্মচারীদের স্বার্থে এই শ্রম কোড আইন সমর্থন করা প্রয়োজন। একইসঙ্গে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ধর্মঘটে শামিল হচ্ছে না।