Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্মীয়মাণ রাস্তা অনেকটা উঁচু, বৃষ্টিতে জল জমার শঙ্কা আশপাশের বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের

পুজোর আগেই হাওড়া শহরের গুরুত্বপূর্ণ ন’টি রাস্তার সংস্কারের কাজে হাত দিয়েছে কেএমডিএ। খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা।

নির্মীয়মাণ রাস্তা অনেকটা উঁচু, বৃষ্টিতে জল জমার শঙ্কা আশপাশের বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর আগেই হাওড়া শহরের গুরুত্বপূর্ণ ন’টি রাস্তার সংস্কারের কাজে হাত দিয়েছে কেএমডিএ। খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। এখন জোরকদমে চলছে কাজ। তবে রাস্তা মেরামতির এই কাজে ভোগান্তি কয়েকগুণ বেড়েছে পঞ্চাননতলার বাসিন্দাদের। একেই এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। তার উপর আশপাশের বাড়ি, দোকানপাটের তুলনায় নবনির্মিত ঢালাই রাস্তা অতিরিক্ত উঁচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে অলিগলি। জল জমার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় কয়েকটি বড় পুজো মণ্ডপেও। পঞ্চাননতলা রোডের দশা নিয়ে দপ্তরকে চিঠি দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়।

Advertisement

বেনারস রোড, বেলিলিয়াস রোড, নেতাজি সুভাষ রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, পঞ্চাননতলা রোড সহ হাওড়া শহরের মূল ন’টি রাস্তা সংস্কার করছে কেএমডিএ। পিচের বদলে প্রতিটি রাস্তাতেই বসানো হচ্ছে কংক্রিটের ব্লক। কোথাও আবার ব্লকের পরিবর্তে কংক্রিট ঢালাই। রাস্তার আয়ু বাড়াতে ৮ সেন্টিমিটারের বদলে ব্যবহার করা হচ্ছে ১০ সেন্টিমিটারের রড। অতিরিক্ত বৃষ্টিতে যাতে রাস্তা বসে না যায়, সেজন্য কংক্রিটের নীচের মাটিকে দু’টি স্তরে বসানো হয়েছে। ফলে শহরের অন্যান্য রাস্তার তুলনায় এই রাস্তার উচ্চতা অনেকটাই বেড়েই গিয়েছে। দেড় কিলোমিটার দীর্ঘ পঞ্চাননতলা রোডে ৮০০ মিটার অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখানেই শুরু হয়েছে বিপত্তি। মধ্য হাওড়ার বাসিন্দাদের অভিযোগ, নতুন রাস্তা যেন গোদের উপর বিষফোঁড়া। বাড়িঘরের তুলনায় রাস্তা উঁচু হয়ে যাওয়ায় হাঁটু সমান জল জমছে পাড়ায়। জমা জল কিছুতেই সরছে না। বাড়ির ভিতরেও ঢুকে পড়ছে নোংরা জল। কাছেই চার চারটি বড় দুর্গাপুজো রয়েছে। মণ্ডপের ভিতরেও জল জমার আশঙ্কা করছে কমিটিগুলি।
রাস্তায় কাজের পদ্ধতিতে গরমিল রয়েছে, এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী অরূপ রায়। রাস্তার দু’পাশে থাকা বাড়ি, দোকানপাটের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে রাস্তা তৈরি হয়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘পঞ্চাননতলা থেকে বহু বাসিন্দা, বিশেষত পুজো কমিটিগুলি অভিযোগ জানাচ্ছে। রাস্তার কাজ হলে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবে। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উঁচু রাস্তা হয়ে যাওয়ায় মানুষের সমস্যা বাড়বে বই কমবে না। রাস্তার উচ্চতা কমানোর জন্য দপ্তরে চিঠি দিয়েছি।’ 
স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, ‘বেহাল রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি মিললেও জল জমার সমস্যা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা নিচু না করা হলে জমা জলের কারণে বাড়িতে থাকা যাবে না।’ পঞ্চাননতলা রোডের পাশাপাশি বাকি আটটি রাস্তাও একইভাবে উঁচু করা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, বরো ভিত্তিক ছোট রাস্তাগুলি মেরামত করছে হাওড়া পুরসভা। যদিও 
এইসব রাস্তার উচ্চতা আগের 
মতোই রাখা হচ্ছে বলে দাবি করেছে পুরসভা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ