Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

ফোরশোর রোডে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, রাস্তা যেন মরণফাঁদ! গর্ত বাঁচাতে চলছে গাড়ির রেষারেষি

পিচের মোটা আস্তরণ উপড়ে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। বেরিয়ে পড়েছে নিচে বিছানো ইট। সেই গর্তে দ্রুত গতিতে আসা বাইক কিংবা অটোর চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয় চালকের।

ফোরশোর রোডে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, রাস্তা যেন মরণফাঁদ! গর্ত বাঁচাতে চলছে গাড়ির রেষারেষি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পিচের মোটা আস্তরণ উপড়ে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। বেরিয়ে পড়েছে নিচে বিছানো ইট। সেই গর্তে দ্রুত গতিতে আসা বাইক কিংবা অটোর চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয় চালকের। হাওড়া শহরের সঙ্গে কোনা এক্সপ্রেসওয়ে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা ফোরশোর রোডের প্রায় ২ কিমি অংশ চরম বেহাল। সংস্কারের অভাবে জায়গায় জায়গায় তৈরি হয়েছে মরণফাঁদ। ফলে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি বাড়ছে যানজট।

Advertisement

হাওড়া স্টেশন কিংবা হাওড়া ময়দানের দিক থেকে কোনা এক্সপ্রেসওয়ের দিকে যেতে হলে সমস্ত গাড়িগুলোকে ফোরশোর রোড হয়েই যেতে হয়। জিটি রোডের বিকল্প হিসেবে এই রাস্তার গুরুত্ব অনেকটাই। কারণ দিনভর বাস, টোটো, অটো, বাইকের ভিড়ে জিটি রোডে চলাচল করতে প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয়। তাই ডিএম অফিস, জেলা পরিষদ, পুরসভা, হাওড়া কোর্ট কিংবা হাওড়া হাসপাতালের দিকে যেতে ফোরশোর রোডই ভরসা। প্রতিদিন এই রাস্তার উপর যানবাহনের চাপ বাড়ছে। দীর্ঘদিন সংস্কারের অভাব, তার উপর এবারের টানা বৃষ্টিতে ফোরশোর রোডের প্রায় ২ কিমি অংশ মরণফাঁদে পরিণত হয়েছে। রামকৃষ্ণপুরঘাট ক্রসিং থেকে কাজিপাড়া মোড় পর্যন্ত তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বিশেষ করে বাঁশতলাঘাট ক্রসিং বিচালিঘাট ক্রসিং, শিবপুর ফেরিঘাট মোড়, শিবপুর বার্নিংঘাট মোড়, হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার অফিসের সামনের অবস্থা চরম বেহাল। বৃষ্টির জল জমলে গর্তের গভীরতা বোঝা যায় না। ফলে ছোট গাড়ি কিংবা বাইকের চাকা গর্তে পড়লে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। হাওড়া বাসস্ট্যান্ড থেকে পূর্ব মেদিনীপুরগামী বড়ো বড়ো বেসরকারি বাসগুলো দিনভর এই রাস্তায় চলাচল করে। গর্ত বাঁচাতে গিয়ে প্রায়দিনই বাসের সঙ্গে বাইকের টক্করে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এই রাস্তায়। বাড়ছে যানজট।
এদিকে ফোরশোর রোডের পাশে ছোট ছোট পার্ক তৈরি করে ওই এলাকার দৃশ্যশোভা বাড়িয়েছে হাওড়া পুরসভা। কিন্তু রাস্তার সংস্কারের দিকে কেন নজর দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরাই। অনেকেই বলেন, ‘‘কাজিপাড়ার দিকে যাওয়ার লেনে কয়েকমাস ধরে গর্তগুলোর আকার বাড়ছে। কয়েক পশলা বৃষ্টিতেই রাস্তায় জল থই থই করে। ফলে কাস্টমাররাও গাড়ি দেখতে শোরুমে আসতে চাইছেন না।’’ 
নিত্যদিন এই রাস্তা দিয়েই হাওড়া কোর্টে যাতায়াত করেন মন্দিরতলার বাসিন্দা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘‘ফোরশোর রোডে বড়ো বড়ো বাসগুলো এমনভাবে পাশ কাটিয়ে যায়, চাকার তলায় পিষ্ট হয়ে যেতে পারে কেউ। একেই বেহাল রাস্তা, তার উপর ক্রসিংগুলোতে কেউ সিগন্যাল মানে না। পুলিশের দেখাও মেলে না।’’ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘এই রাস্তাটির বেশকিছু অংশ খারাপ অবস্থায় রয়েছে ঠিকই, তবে পুজোর আগেই গর্ত বোজানোসহ মেরামতির কাজ হবে।’’

Advertisement
সম্পর্কিত সংবাদ