মুম্বই: অক্টোবর ও ডিসেম্বর মাসের আর্থিক নীতি পর্যালোচনা বৈঠক থেকে রেপো রেট দু’দফায় ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক। আর্থিক বিশ্লেষকদের ধারণা, মুদ্রাস্ফীতির হার আরও বৃদ্ধি পেয়ে তা উচ্চ পর্যায়েই বিচরণ করবে। সেই সম্ভাবনা থেকেই আরবিআই সুদের হার বৃদ্ধির পথে হাঁটবে বলে অনুমান তাঁদের।
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার ফলে অশোধিত তেলের দাম ফের ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এল নিনো সংক্রান্ত উদ্বেগ অব্যাহত এবং তার জেরে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এছাড়া, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর পদক্ষেপ এবং শক্তিশালী জিডিপি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারত ও আমেরিকার মধ্যে সুদের হারের ব্যবধান কমে আসার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এইসব ফ্যাক্টরের কারণে আরবিআই সুদের হার বাড়াতে পারে বলে মত আর্থিক বিশ্লেষকদের। বিদেশি ব্রোকারেজ সংস্থা ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের এক নোটে বলা হয়েছে, ‘আমরা মনে করি আরবিআই-এর জন্য সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া শুরু করার সময় এসে গিয়েছে। বিশেষ করে যখন পশ্চিম এশিয়ার সংকট সত্ত্বেও বৃদ্ধির হার যথেষ্ট শক্তিশালী রয়েছে।’ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) অর্থনীতিকরা বলছেন, ‘আমাদের বিশ্বাস, সিপিআই মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশের গণ্ডি অতিক্রম করার পর ২০২৭ সালের শুরুতে তা কমে ৬ শতাংশের নিচে নেমে আসতে পারে।’