সুব্রত ধর, শিলিগুড়ি: ‘৩-কাল’। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এবার পুজোয় এমন ভাবনা উপস্থান করছে হায়দরপাড়া স্পোটিং ক্লাব। বাঁশ, কাঠ, প্লাইবোর্ড, ভুষি, রং প্রভৃতি দিয়ে মণ্ডপ বানানো হচ্ছে। একইসঙ্গে মণ্ডপে থাকবে থিমের প্রতিমা। মানুষের আঙ্গিকে দশভুজার মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হবে। এরসঙ্গে থাকবে লাইট ও সাউন্ডের মিশেল। দ্বিতীয়াতে পুজোর উদ্বোধন।
ক্লাবের সম্পাদক নিমাই পাল বলেন, এবার পুজোর ৫৬তম বর্ষ। পরিবেশ রক্ষায় সকলকে সচেতন করতেই ‘৩ কাল’ থিমে পুজোর আয়োজন করা হচ্ছে। যা দর্শনার্থীদের ভাবিয়ে তুলবে।
শিলিগুড়ি শহরে যেক’টি পুজো কমিটি থিম পুজো করে, সেগুলির মধ্যে হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব উল্লেখযোগ্য। হায়দরপাড়া বাজারের কাছে ক্লাবটি। রথযাত্রার দিন খুঁটিপুজোর মধ্যদিয়ে ক্লাবের ফাঁকা জায়গায় পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। এবার মণ্ডপের প্রবেই পথে তৈরি হচ্ছে গ্লোব। সেই গ্লোবের পাশ দিয়েই মণ্ডপের প্রবেশ পথ। মণ্ডপের একদিকে থাকবে কান ঝালাপালা করা শব্দ দূষণের দৃশ্য। অসংখ্যা কান ও গাড়ির হর্ন দিয়ে তা করা হচ্ছে। আরএকদিকে বায়ু দূষণের দৃশ্য। ধোঁয়ার মতো গ্যাস উড়তে দেখা যাবে। জঙ্গল, বহুতল, উড়ালপুল ও বহুতলের দৃশ্য দেখা যাবে।
থিম নিয়ে ক্লাবের সম্পাদক বলেন, অতীতে আমাদের চারপাশে ছিল প্রচুর গাছ। বাড়িতে উঠোন, খেলার মাঠ ছিল। শৈশব ছিল অন্যরকম। বর্তমানে সবুজ ধ্বংস হচ্ছে। রাস্তা, উড়ালপুল, বহুতল হচ্ছে। শব্দ দূষণ ও বায়ু দূষণের জেরে এলাকায় টেকা যাচ্ছে না। অতীত ও বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ভবিষ্যতের কল্পনা করা হয়েছে। ভবিষ্যতে সবুজ পুরোপুরি উধাও হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর হয়ে যাবে। পিঠে অক্সিজের সিলিন্ডার নিয়ে ঘুরতে হতে পারে। গ্লোব, বেশকিছু মডেল, উড়ালপুল, বহুতলের ছবির মাধ্যমে থিমের রূপ দিচ্ছেন তিন শিল্পী— আদিত্য, চন্দন ও সুরজিৎ।
এখানেই থাকবে অভিনব থিম প্রতিমা। সেই সঙ্গে মানানসই লাইট, সাউন্ড ও প্রযুক্তি ব্যবহার করে মণ্ডপ ও প্রতিমারসজ্জা ফুটিয়ে তোলা হবে। ক্লাবের সম্পাদক বলেন, মণ্ডপ ও প্রতিমায় আরও কিছু চমক রয়েছে। সেগুলি এখনই বলছি না। তবে দশভুজা হবে মানুষরূপী। প্রতিমার হাতে থাকবে গাছ। ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশরক্ষার বার্তা দিতেই দশভুজার মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হবে। গতবছর এরা বিশ্ববাংলা সম্মান পেয়েছিল। নিজস্ব চিত্র।