চন্দননগর ও ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজো বেড়েছে ১০৬টি, প্রস্তুত প্রশাসন
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: গত বছরের তুলনায় চন্দননগরে এবার জগদ্ধাত্রী পুজো বেড়েছে ১০৬টি। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুজোর সংখ্যা, নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং জনসুরক্ষায় প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, উৎসব যাতে নির্বিঘ্নে হয়, তারজন্য পুলিশ প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে। চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর, শ্রীরামপুর এবং রিষড়া থানা এলাকায় নিরাপত্তা, ভিড় ও যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেট।

Advertisement

গত বছর চন্দননগর ও ভদ্রেশ্বর এলাকায় জগদ্ধাত্রী পুজোর সংখ্যা ছিল ৩৪০টি, যা এ বছর বেড়ে হয়েছে ৪৪৬টি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই এলাকার উৎসব মুখর এলাকাগুলিকে প্রশাসন পাঁচটি জোন, ১১টি সেক্টর এবং ২৮টি সাব-সেক্টরে ভাগ করেছে। সবক’টি গুরুত্বপূর্ণ মোড় এবং মণ্ডপ এলাকায় প্রায় তিন হাজার পুলিশ এবং ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্যকর সমন্বয় এবং দ্রুত জরুরি পরিষেবা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ রুট এবং স্থানগুলিতে রিয়েল-টাইম সিসিটিভি নজরদারি, ২৪ ঘণ্টা ইন্টিগ্রেটেড পুলিশ ও ওয়্যারলেস কন্ট্রোল রুম চালু করা হয়েছে। উৎসব চলাকালীন ভক্ত ও দর্শনার্থীদের সহায়তার জন্য ২৮টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, আটটি সেবা কেন্দ্র এবং একটি সেবা শিবির স্থাপন করা হয়েছে।জনসুরক্ষা এবং সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে গঙ্গার ঘাটগুলিতে সুরক্ষামূলক জাল (নেটিং), ব্যারিকেড এবং বিশেষ নৌকার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ বিসর্জন নিশ্চিত করতে হুগলি নদী বরাবর নিরবচ্ছিন্ন টহলদারি চালানো হবে। জি টি রোড, দিল্লি রোড এবং বাইপাস রোড সহ প্রধান রাস্তাগুলি এই ক’দিন সময় মেনে বন্ধ রাখা, যানবাহনের রুট পরিবর্তন এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্ধারিত সময়ে পণ্যবাহী যানবাহন, অটোরিকশ, টোটো এবং দু’চাকার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। উৎসব চলাকালীন ২৪ ঘণ্টা মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।